ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বর্ণিল আয়োজনে জবিতে দোলপূর্ণিমা উদযাপন

বর্ণিল আয়োজনে জবিতে দোলপূর্ণিমা উদযাপন
×

ছবি: সমকাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ২৩:০০

বর্ণিল আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীরা দোলপূর্ণিমা উদযাপন করেছেন। মঙ্গলবার সকাল থেকে সমাজবিজ্ঞান ও কলা অনুষদের মুক্তমঞ্চ প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন। রঙ-আবিরে একে অপরকে রাঙিয়ে গান, নাচ ও আনন্দ-উচ্ছ্বাসে দিনটি উদযাপন করেন তারা।

খোলা প্রাঙ্গণে দলবদ্ধভাবে চলে উৎসবের আয়োজন। ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবির খেলায় মেতে ওঠেন। কেউ স্মৃতিবন্দি করেন ছবি তোলার মাধ্যমে।  আবার কেউ যুক্ত হন সাংস্কৃতিক পরিবেশনায়। 

শিক্ষার্থীরা জানান, পড়াশোনার চাপের মাঝে এমন উৎসব ক্যাম্পাস জীবনে ভিন্ন মাত্রা যোগ করে। এটি শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও বন্ধনের এক অনন্য প্রকাশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদ-এর সভাপতি সুমন কুমার দাস বলেন, কেন্দ্রীয় মন্দিরে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দোলযাত্রা পালন করা হয়েছে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উৎসব পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে ছাত্র ঐক্য পরিষদ-এর সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী কেন্দ্রীয় মন্দিরে আনুষ্ঠানিকভাবে দোলযাত্রা আয়োজন সম্ভব হয়েছে। পাশাপাশি চলমান পবিত্র রমজান মাসকে বিবেচনায় রেখে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি সম্মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

×