ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রী জানালেন

নতুন অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত হবে

নতুন অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত হবে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৮:২২

| প্রিন্ট সংস্করণ

নতুন অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন অর্থবছরের বাজেটে এ খাতে অর্থ বরাদ্দ আছে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, এখন দেখবেন প্রেস ক্লাবে গেলেই ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এমপিওর জন্য অনশন করছেন। কেন করবে? ইবতেদায়ি মাদ্রাসার কারা এমপিও পাবে, এটার নীতিমালা রয়েছে। নীতিমালায় যে পড়বে, সেই পাবে। তিনি বলেন, এখন ইবতেদায়ি মাদ্রাসার এই যে নম্বর ব্যানবেইজ থেকে দিয়ে দিচ্ছে, এটার কোনো ইনস্পেকশন নাই, কোনোরকম ডকুমেন্টেশন নাই। তাই যাচাই-বাছাই করে নতুন অর্থবছরে মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার কথা বলেছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা জাস্টিফাই করব কাকে দেওয়া যায় এবং সেভাবে আমরা বাজেট এলোকেশন অনুযায়ী সেখান থেকে এমপিও দেব। বাট ইট হ্যাজ টু বি ইন অ্যা সিস্টেম।’ আগের সরকারগুলো শিক্ষা খাতে এলোমেলোভাবে কাজ করেছে বলে অভিযোগ করে মন্ত্রী বলেন, ‘এগুলো যদি বলতে যাই, সারাদিন বলতে পারব। বাট বলে তো লাভ নাই। রেসপন্সিবিলিটি কার? আমাদের। আমাদেরই এটা অ্যাড্রেস করতে হবে।’
ইসলামী শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ গঠনের মূলধারায় নিয়ে আসারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষাকে শুধু প্রচলিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এমনভাবে এই খাতকে গড়ে তুলতে হবে, যাতে এখানকার শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।

আরও পড়ুন

×