শাকিব এবার রকস্টার
রকস্টার সিনেমার দৃশ্যে শাকিব খান
আব্দুল্লাহ আল মামুন
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৭:৪৬
| প্রিন্ট সংস্করণ
ঈদের সিনেমা মানেই যেন এক অনিবার্য নাম–শাকিব খান। বাংলাদেশের চলচ্চিত্রে গত দুই দশকেরও বেশি সময় ধরে এই নামটি শুধু একজন নায়কের পরিচয় নয়, বরং একটি উৎসব, একটি উন্মাদনা ও সিনেমা প্রযোজকদের কাছে ব্যবসায়িক লাভের নিশ্চয়তার প্রতীক। সেই তারকাই এবার হাজির হচ্ছেন ‘রকস্টার’ হয়ে। নামের মধ্যেই আছে উন্মাদনা, সংগীত, স্টাইল আর তারকাখ্যাতির ঝলক। তবে এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ কেবল গল্প নয়, নতুন এক শাকিব খানের উপস্থিতি।
ঈদের বাকি এক দিন। এই সময়টায় অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই ‘রকস্টার’ আলোচনার কেন্দ্রে। এই কেন্দ্রে থাকার একমাত্র কারণ শাকিব খান। অ্যানিমেশন টিজার, ভিডিও টিজার ও একের পর এক গান প্রকাশ করে সিনেমাটি আলাদা আগ্রহের জায়গায় রয়েছে।
বিশেষ করে সর্বশেষ প্রকাশ পাওয়া ‘আমাকে উড়িয়ে দাও’ গানটি দর্শকের প্রত্যাশা যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। কারণ, সেখানে দেখা মিলেছে রকস্টার শাকিব খানকে। ছিপছিপে শরীর, স্টাইলিশ, আত্মবিশ্বাসী এবং পর্দাজুড়ে দারুণ প্রাণবন্ত এক গায়ক।
দীর্ঘ অভিনয়জীবনে শাকিব খান বহু রূপে হাজির হয়েছেন। রোমান্টিক নায়ক, অ্যাকশন হিরো, পারিবারিক গল্পের কেন্দ্রীয় চরিত্র কিংবা গণমানুষের প্রতিনিধি। সবখানেই তিনি নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। তবে ‘রকস্টার’-এ এসে মনে হচ্ছে তিনি যেন নিজেকেই নতুন করে আবিষ্কার করেছেন। গত কয়েক বছরে তাঁর লুকে যে ভারিক্কি ভাব দেখা যাচ্ছিল, এই সিনেমায় এসে সেখান থেকে পুরোপুরি বেরিয়ে এসেছেন তিনি। পর্দায় তাঁর উপস্থিতি, বডি ল্যাঙ্গুয়েজ, চোখের ভাষা কিংবা স্টাইল–সবকিছুতেই যেন এক নতুন শাকিবের আভাস।
তাই চলচ্চিত্র-সংশ্লিষ্টরা বলছেন, শাকিব খানের পুনর্জন্মের গল্প হতে পারে এই রকস্টার। সিনেমাটির গল্প নির্মাণ করেছেন আজমান রুশো। সংগীতনির্ভর এই চলচ্চিত্রে উঠে আসবে একজন শিল্পীর সংগ্রাম, জনপ্রিয়তা, একাকিত্ব এবং জীবনের নানা উত্থান-পতনের গল্প। টিজার ও গানে সেই আভাসও মিলেছে। সেখানে দেখা যায়, শাকিব খান অভিনীত ‘আগুন’ চরিত্রটি প্রথমে সংগ্রামী গায়ক। ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। সাফল্যের সেই আলোয় হারিয়ে যেতে থাকে জীবনের কিছু গুরুত্বপূর্ণ মানুষ ও সম্পর্ক।
‘রকস্টার’-এ শাকিব খানের বিপরীতে আছেন সাবিলা নূর। আরও আছেন তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক। ধারণা করা হচ্ছে, শাকিবের জীবনের ভিন্ন ভিন্ন অধ্যায়ে তাঁদের উপস্থিতি দেখা যাবে। তবে সিনেমাটির মূল আকর্ষণ যে শাকিব খানকে ঘিরে, তা টিজার ও গান প্রকাশের পরই স্পষ্ট হয়ে গেছে।
বাংলাদেশের চলচ্চিত্রে অনেক তারকার উত্থান হয়েছে, আবার সময়ের সঙ্গে ম্লানও হয়ে গেছেন অনেকে। শাকিব খান যেন বারবার প্রমাণ করেছেন, নিজেকে বদলে নিতে জানলেই দীর্ঘ সময় টিকে থাকা সম্ভব। যখনই মনে হয়েছে তাঁর আর নতুন কিছু দেখানোর নেই, তখনই তিনি হাজির হয়েছেন নতুন এক চমক নিয়ে। ‘রকস্টার’ যেন সেই ধারাবাহিকতারই আরেকটি অধ্যায়।
পঞ্চাশের কাছাকাছি বয়সেও নিজেকে যেভাবে পর্দায় তরুণ, প্রাণবন্ত এবং গ্রহণযোগ্য করে তুলছেন তিনি, সেটি নিঃসন্দেহে বিস্ময় জাগানিয়া। সে কারণেই ঈদের সিনেমার আলোচনায় এখনও সবচেয়ে বড় নাম হয়ে থাকেন শাকিব খান। এবার সেই আলোচনার কেন্দ্রে রয়েছে তাঁর নতুন পরিচয়–‘রকস্টার শাকিব’।
- বিষয় :
- শাকিব খান
