ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুরের মূর্ছনায় রঙিন আয়োজন

সুরের মূর্ছনায় রঙিন আয়োজন
×

ফোক স্টুডিওতে বিউটি

সাদিয়া মুনমুন

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৭:৪৮

| প্রিন্ট সংস্করণ

ঈদ আয়োজন বর্ণাঢ্য করে তুলতে নাটক, সিনেমা, ম্যাগাজিন অনুষ্ঠান, সেলিব্রিটি টকশোর পাশাপাশি টিভি চ্যানেলগুলো নানা ধরনের সংগীতানুষ্ঠানের আয়োজন করে থাকেন। খ্যাতিমান শিল্পীদের একক গানের আসর থেকে শুরু করে লাইভ কনসার্ট, ব্যান্ডশো ছাড়াও একাধিক তারকাকে নিয়ে নির্মাণ করেন গানের অনুষ্ঠান। আসছে ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না বলে টিভি চ্যানেলগুলো জানিয়েছে। এবার জেনে নেওয়া যাক, তাদের ৬ থেকে ৮ দিনের আয়োজনে চাঁদ রাত থেকে ঈদের প্রথম তিন দিন কী ধরনের গানের অনুষ্ঠানের আয়োজন করেছে। বিটিভি ঈদের প্রথম দিন থেকে একাধিক সংগীতানুষ্ঠান প্রচার করে থাকে। এবার বিভিন্ন শিল্পীকে নিয়ে সাজানো বেশ কিছু গানের অনুষ্ঠান প্রচার করবে। পাশাপাশি ধারাবাহিকভাবে প্রচার করবে ‘ব্যান্ডশো’ ও সিনেমার গানের অনুষ্ঠান ‘ছায়াছন্দ’।

এটিএন বাংলা ঈদের তৃতীয় দিন থেকে শুরু করে তাদের ধারাবাহিক সংগীতানুষ্ঠান ‘এটিএন ফোক স্টুডিও’। এদিন রাত সাড়ে ১০টা থেকে প্রচার হবে এই অনুষ্ঠানের প্রথম পর্ব। চ্যানেল আইয়ে ঈদের প্রথম তিন দিনের সূচিতে কোনো সংগীতানুষ্ঠান না রাখলেও তাদের নিয়মিত গানের আয়োজন ‘গানে গানে সকাল শুরু’ থাকছে নানা ধরনের গানের পরিবেশনা। অনুষ্ঠানটি প্রতিদিন সকাল সাড়ে ৭টায় প্রচার হয়ে থাকে। এনটিভি ঈদের প্রথম দিন থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচার করবে সংগীতানুষ্ঠান ‘এ লগন গান শোনাবার’। প্রতিদিন সকাল ৮টায় প্রচার হবে অনুষ্ঠানটি। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন নাহিদা আফরোজ সুমী। এর পাশাপাশি ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘তারুণ্যের গান’। এতে পারফর্ম করবেন পার্সা অ্যান্ড ফ্রেন্ডস। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শান্তা জাহান। ঈদের দ্বিতীয় দিন একই সময়ে প্রচারিত ‘তারুণ্যের গান’ অনুষ্ঠানে পারফর্ম করবে গানের মাদল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম। উপস্থাপনায় শান্তা জাহান। ‘তারুণ্যের গান’ অনুষ্ঠানের তৃতীয় পর্বে গান শোনাবে ব্যান্ড পেনোয়া। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় এই পর্বটিও উপস্থাপনা করেছেন শান্তা জাহান।
আরটিভি ঈদের দিন বিকেল সাড়ে ৫টায় প্রচার করবে সংগীতানুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’। এ আয়োজনে গান শোনাবেন তরুণ শিল্পী রাবেয়া সেতু, মিম, রাসেল, নিশি, শাহরিয়া, রিমি, জেসি, বাঁধন মোদক, লাবনী ও সুমন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সোহাগ মাসুদ। দ্বিতীয় দিন এই চ্যানেলে একই সময়ে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘ক্লাব ইয়ং স্টার’। সোহাগ মাসুদ পরিচালিত এই আয়োজনে গান শোনাবেন তরুণ শিল্পী ইপা, অরিন্দল, পূজা, সিনথিয়া, লিমন, অংকিতা, অঙ্গনা পূজা, মেঘলা ও আমিরা। ঈদের তৃতীয় দিন বিকেল সাড়ে ৫টা থেকে আরটিভি প্রচার করবে ধারাবাহিক সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’। লোক গানের এই অনুষ্ঠানটির প্রযোজনায় আছেন নূর হোসেন হীরা।

বাংলাভিশন বরাবর ঈদের আগের রাতে সংগীতানুষ্ঠান প্রচার করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঈদের আগের দিন রাত ৮টা ১৫ মিনিটে চ্যানেলটি প্রচার করবে সংগীতানুষ্ঠান ‘উৎসবে আনন্দে’। সরাসরি সম্প্রচারিত এ আয়োজনে গান শোনাবেন কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা, সাগর বাউল ও কানিজ খন্দকার মিতু। ঈদের আগের রাতে গানের অনুষ্ঠান থাকলেও বাকি তিন দিনে বাংলাভিশনে আর কোনো গানের আয়োজন থাকছে না। অন্যদিকে ঈদের দিন থেকে প্রতিদিন একাধিক গানের অনুষ্ঠান প্রচার করবে বৈশাখী টেলিভিশন। এই চ্যানেলের ঈদের তিন দিনের আয়োজনের প্রথম দিন সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকাল গান’ অনুষ্ঠানটি। এ আয়োজনে গান শোনাবেন শিল্পী শবনম প্রিয়াঙ্কা। বেলা ১১টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। এতে অংশ নেবেন কণ্ঠশিল্পী কাজী শুভ ও ইসরাত জাহান জুঁই। উপস্থাপনা করবেন তমা রশিদ। এর পাশাপাশি দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকের গান নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘নাটকের গান’। ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে থাকছে বরেণ্য শিল্পী খুরশীদ আলমের গান। এরপর বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’ অনুষ্ঠানে থাকছে তারকা কণ্ঠশিল্পী লিজা ও তাঁর দলের পরিবেশনা। এ পর্বে উপস্থাপনায় থাকবেন আসিন জাহান। এদিন দুপুর ১টায় প্রচার হবে সিনেমার গান নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। ঈদের তৃতীয় দিন একই সময়ে প্রচারিত ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে থাকছে রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায়ের পরিবেশনা। এরপর বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন শিল্পী গামছা পলাশ ও সাদিয়া লিজা। উপস্থাপনায় থাকবেন তমা রশিদ। এরপর দুপুর ১টায় প্রচার হবে ‘শুধু সিনেমার গান’ অনুষ্ঠানটি। এর পাশাপাশি দীপ্ত টিভি প্রতিদিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার করবে সিনেমার গানের অনুষ্ঠান ‘আমাদের ছবি আমাদের গান’। এর পাশাপাশি অন্যান্য চ্যানেলে থাকছে গানের আরও বেশ কিছু আয়োজন; যা দর্শক-শ্রোতার সংগীতের তৃষ্ণা মেটাবে বলেও আশা করছেন অনুষ্ঠান আয়োজকরা।   

আরও পড়ুন

×