ছোটপর্দায় বড় সিনেমা
‘দম’ সিনেমায় পূজা চেরি
ঈদ বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৮:১৪
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে বছরের দুটি ঈদকেই ধরা হয় সবচেয়ে বড় উৎসব। এই দুই উৎসবে আনন্দের অন্যতম বড় অনুষঙ্গ হয়ে ওঠে সিনেমা। প্রেক্ষাগৃহে গিয়ে প্রিয় তারকাদের নতুন ছবি দেখার আলাদা এক আবেগ থাকলেও নানা ব্যস্ততা কিংবা দূরত্বের কারণে অনেক দর্শকই সেই সুযোগ থেকে বঞ্চিত হন। তাদের জন্য ছোটপর্দাই হয়ে ওঠে সবচেয়ে সহজলভ্য বিনোদনের মাধ্যম। তাই প্রতি বছরের মতো এবারও দেশের টেলিভিশন চ্যানেলগুলো সাজিয়েছে বর্ণিল ঈদ আয়োজন। নতুন সিনেমার টিভি প্রিমিয়ার, সাম্প্রতিক আলোচিত ছবি এবং জনপ্রিয় পুরোনো সিনেমা–সব মিলিয়ে দর্শকদের জন্য তৈরি হয়েছে এক পূর্ণাঙ্গ সিনেমা উৎসব।
ঈদের বিশেষ আয়োজন নিয়ে এগিয়ে রয়েছে চ্যানেল আই। এবারের ঈদে তারা ৭টি নতুন সিনেমার টিভি প্রিমিয়ার ঘোষণা দিয়েছে। তালিকায় রয়েছে ‘নীলচক্র’ [আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী], ‘প্রিন্স’ [শাকিব খান, তাসনিয়া ফারিণ], ‘সাবা’ [মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার], ‘টগর’ [আদর আজাদ, পূজা চেরী, রোজী সিদ্দিকী], ‘জয়া আর শারমীন’ [জয়া আহসান, মহসিনা], ‘বাড়ির নাম শাহানা’ [ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ] এবং ‘শরতের জবা’ [ইয়াশ রোহান, কুসুম শিকদার]। ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী সাত দিন প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে এই সিনেমাগুলো।
এটিএন বাংলায় ঈদের আয়োজন প্রচার করবে শাকিব খান অভিনীত ১৩টি সিনেমা। এগুলো হলো ‘হিরো দ্য সুপারস্টার’, ‘প্রিয়তমা’, ‘বিদ্রোহী, ‘রাজকুমার’, ‘রাজা বাবু’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘প্রেমিক নাম্বার ওয়ান, ‘আরও ভালোবাসবো তোমায়’, ‘খোদার পরে মা’, ‘ডেয়ারিং লাভার’, ‘লাভ ম্যারিজ’, ‘হিটম্যান’, ‘বসগিরি’। প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিট ও দুপুর আড়াইটায় সিনেমাগুলো প্রচার হবে।
আরটিভি তাদের সাত দিনের আয়োজনে ১৪টি সিনেমা প্রচার করবে। এগুলোর মধ্যে ঈদের দিন থাকছে ‘ক্যাপ্টেন খান’ [শাকিব, বুবলী], ‘বাদশা দ্য ডন’ [নুসরাত ফারিয়া, জিৎ]। ঈদের পরদিন ‘তুফান’ [শাকিব, মিমি চক্রবর্তী], ‘জংলি’ [সিয়াম, বুবলী] এবং ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘নবাব’ [শাকিব, শুভশ্রী] ও ‘নায়ক’ [মান্না, পূর্ণিমা]। সিনেমাগুলো প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিট ও দুপুর ২টা ১০ মিনিটে দেখানো হবে।
এনটিভির ঈদ আয়োজনে প্রচার হবে সাতটি সিনেমা। এগুলোর মধ্যে ঈদের দিন থাকছে ‘কিল হিম’ [অনন্ত জলিল, বর্ষা], ঈদের পরদিন ‘তুফান’ [শাকিব, নাবিলা ও মিমি চক্রবর্তী], ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘জংলি’ [সিয়াম, বুবলী]। সিনেমাগুলো প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে।
দীপ্ত টিভি ঈদের সাত দিনের আয়োজনে প্রচার করবে ১৪টি সিনেমা। ঈদের দিন থাকছে ‘তুমি আমার মনের মানুষ’ [শাকিব, অপু], ‘অগ্নি ২’ [মাহিয়া মাহি, ওম]। ঈদের পর দিন থাকছে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ [শাকিব, অপু], ‘তাণ্ডব’ [শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান]। তৃতীয় দিনে থাকছে ‘তুফান’ [শাকিব খান, নাবিলা] ও ‘দহন’ [সিয়াম, পূজা]। সিনেমাগুলো সকাল ৯টা ও দুপুর ১টায় প্রচার হবে।
সবচেয়ে বড় আয়োজন নিয়ে হাজির হচ্ছে নাগরিক টিভি। সাত দিনে মোট ২৮টি সিনেমা প্রচার করবে চ্যানেলটি। প্রতিদিন চারটি নির্ধারিত সময়ে–সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, দুপুর ২টা এবং বিকেল ৫টায় দেখানো হবে সিনেমাগুলো। ঈদের দিন তাদের আয়োজনে থাকছে ‘দহন’ [সিয়াম, পূজা চেরি], ‘দরদ’ [শাকিব খান, সোনাল চৌহান], ‘ইনসাফ’ [শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ], ‘অন্তরাত্মা’ [শাকিব খান, দর্শনা বণিক]। ঈদের পর দিন ‘নেটওয়ার্কের বাইরে’ [শরিফুল রাজ, ফারিণ], ‘রোমিও বনাম জুলিয়েট’ [অঙ্কুশ, মাহী], ‘দাগি’ [আফরান নিশো, তমা মির্জা], ‘ওমর’ [শরিফুল রাজ, দর্শনা বণিক]। ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘মুখোশ’ [মোশাররফ করিম, পরিমণি], ‘কঠিন প্রতিশোধ’ [শাকিব খান, অপু বিশ্বাস], ‘নবাব’ [শাকিব খান, শুভশ্রী] এবং ‘গলুই’ [শাকিব খান, পূজা চেরি]।
বাংলাভিশন তাদের ঈদ আয়োজনে প্রচার করবে সাতটি সিনেমা। এগুলোর মধ্যে ঈদের দিন সকাল ১০টা ১০ মিনিটে থাকছে ‘দরদ’ [শাকিব, সোনাল চৌহান], ঈদের পরদিন একই সময়ে প্রচার হবে ‘শুটার’ [শাকিব, বুবলী]। ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘দাগী’। অভিনয়ে আফরান নিশো ও তমা মির্জা।
বৈশাখী টিভিতে ঈদের আয়োজনে রয়েছে সাত সিনেমা। এগুলোর মধ্যে ঈদের দিন রয়েছে ‘অগ্নি ২’ [মাহিয়া মাহি, ওম], ঈদের পর দিন ‘শিকারি’ [শাকিব, শ্রাবন্তী], ঈদের তৃতীয় দিন ‘দুই বধূ এক স্বামী’। এতে অভিনয় করেছেন মান্না, শাবনূর ও মৌসুমী। বৈশাখী টিভির সিনেমাগুলো প্রতিদিন দুপুর আড়াইটায় দেখানো হবে।
এছাড়াও ঈদ উপলক্ষে ওটিটি মাধ্যম চরকিকে মুক্তি পেয়েছে ‘দম’। অভিনয়ে আফরান নিশো, পূজা চেরি। সব মিলিয়ে বলা যায়, এবারের ঈদে ছোটপর্দাই যেন হয়ে উঠছে বড় সিনেমার এক অনন্য বিনোদন মাধ্যম।
- বিষয় :
- বিনোদন
