ভিন্ন আয়োজনে আনন্দমেলা
সাদিয়া ইসলাম মৌয়ের নৃত্য পরিবেশনা
ঈদ বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৭:৫৪
| প্রিন্ট সংস্করণ
নতুন আঙ্গিক, বর্ণিল মঞ্চসজ্জা এবং জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আনন্দমেলা’। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের দিন রাত ১০টার খবরের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে। কবির বকুলের পরিকল্পনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বিশেষ আকর্ষণ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বিশেষ কোরিওগ্রাফিতে তাঁর জনপ্রিয় গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ নতুনভাবে মঞ্চায়িত হবে। এছাড়া প্রয়াত গায়িকা আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে ‘কাল সারা রাত ছিল স্বপনের রাত’ পরিবেশন করবেন বেবী নাজনীন। এ পরিবেশনায় নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী এবং নিলু শাওন। গায়ক ফেরদৌস ওয়াহিদ পরিবেশন করবেন নতুন করে সাজানো গান ‘এমন একটা মা দে না’। নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে আসছেন ন্যান্সি ও ইমরান মাহমুদুল, যার কথা লিখেছেন কবির বকুল। ‘রূপনগরের রাজকন্যা’ গানের তালে নৃত্য পরিবেশন করবেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানে যুগল নৃত্যে অংশ নেবেন মেহজাবীন চৌধুরী এবং সাবিলা নূর। নৃত্য পরিচালনায় আছেন ইভান শাহরিয়ার ও নৃত্যভূমি। দর্শকের অংশগ্রহণমূলক বিশেষ পর্ব ‘রঙ’-এ থাকবেন অভিনেত্রী পরীমণি। পাশাপাশি কুইজ পর্বে অংশ নেবেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান এবং খায়রুল বাশার। একটি বিশেষ পারফরম্যান্সে থাকবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। এ ছাড়া আরও অংশ নিচ্ছেন অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান এবং মুকিত মোহাম্মদ জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামের বিশেষ স্টেজ পারফরম্যান্সে থাকবেন অভিনেতা সুমন ও কৌতুকশিল্পী শাওন। আয়োজকদের প্রত্যাশা, গান, নৃত্য, কৌতুক, কুইজ এবং তারকাদের ভিন্নধর্মী উপস্থাপনায় সাজানো এবারের ‘আনন্দমেলা’ ঈদের টেলিভিশন আয়োজনে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্র
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পাহাড়ে ঈদ’। এবারের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের ৯টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা অংশ নিয়েছেন নাচ, গান ও নিজস্ব ঐতিহ্যবাহী পরিবেশনার মাধ্যমে। বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনে সাজানো অনুষ্ঠানটি ঈদের চতুর্থ ও পঞ্চম দিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় বসবাসরত বম, চাক, মারমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং এবং গুর্খা জাতিগোষ্ঠীর শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন।
- বিষয় :
- আনন্দ শোভাযাত্রা
