না ফেরার দেশে ‘নেইবার্স’ খ্যাত অভিনেতা টেরেন্স ডোনোভান
‘নেইবার্স’ খ্যাত অভিনেতা টেরেন্স ডোনোভান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৮:২৪
ব্রিটিশ-অস্ট্রেলীয় অভিনেতা টেরেন্স ডোনোভান আর নেই। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘নেইবার্স’ ও ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’-তে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতা ৯০ বছর বয়সে মারা গেছেন।
ডোনোভানের মৃত্যু নিশ্চিত করেছেন তার ছেলে অভিনেতা জেসন ডোনোভান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জেসন ডোনোভান ও তার ভাই পল এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদের বাবা ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব-জীবনের চেয়েও বড়। তিনি ছিলেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু, আমাদের পৃথিবী। আমরা তাকে ভীষণভাবে মিস করব। তবে শেষ সময়টায় আমরা সবাই তার পাশে থাকতে পেরেছি, এটাই আমাদের সান্ত্বনা।
বিবৃতিতে তারা আরও বলেন, তিনি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করেছেন। তার বিশ্বাস ছিল-জীবন হয় এক দুঃসাহসিক অভিযান, নয়তো কিছুই নয়। এমন একজন বাবাকে পেয়ে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি।
লন্ডনে জন্ম নেওয়া টেরেন্স ডোনোভান কৈশোরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। অভিনয়ে আসার আগে তিনি গায়ক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৬০-এর দশকের শুরুতে ছোট পর্দায় অভিষেকের পর ধীরে ধীরে অস্ট্রেলিয়ার টেলিভিশন অঙ্গনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন।
১৯৭০ ও ১৯৮০-এর দশকে প্রচারিত জনপ্রিয় পুলিশ ড্রামা ‘ডিভিশন ৪’-এ ডিটেকটিভ মিক পিটার্স এবং ‘কপ শপ’-এ ডিটেকটিভ সিনিয়র সার্জেন্ট ভিক ক্যামেরনের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।
পরবর্তীতে ১৯৯০-এর দশকে ছেলে জেসন ডোনোভান ‘নেইবার্স’ ছেড়ে যাওয়ার কিছুদিন পরই তিনি ডাগ উইলিস চরিত্রে ওই ধারাবাহিকে যোগ দেন। এছাড়া ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’-তে অ্যাল সিম্পসন চরিত্রেও তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়।
ছয় দশকের দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্র ও মঞ্চেও সমানভাবে কাজ করেছেন ডোনোভান। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দ্য ম্যান ফ্রম স্নোই রিভার’ এবং ‘ব্রেকার মোরান্ট’। দীর্ঘ কর্মজীবনে তিনি অস্ট্রেলিয়ার বিনোদন অঙ্গনে নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের জন্য বিশেষভাবে সম্মানিত ছিলেন।
- বিষয় :
- অভিনেতা