৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান, প্রতিনিধি আনিকা
আনিকা মেরাজ। ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৭:১৯ | আপডেট: ২১ জুলাই ২০২৬ | ১৭:৪৭
প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। ২০২৬ সালের মিস ওয়ার্ল্ড পাকিস্তান হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী অনিকা জমাল ইকবাল (আনিকা মেরাজ)। তিনিই ৭৫তম মিস ওয়ার্ল্ড উৎসবে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।
আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। বিষয়টি নিশ্চিত করেছে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ।
ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক আনিকা হিসাববিজ্ঞান ও নিরীক্ষা বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি পাকিস্তানের দানিস বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ও অডিটিং নিয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) করছেন। এছাড়া তিনি ‘বিউটি উইদ পার্পস’ নামের একটি প্রকল্প চালান। পাকিস্তানের সকল থ্যালাসেমিয়া রোগীর সহায়তা করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘পাকিস্তানের প্রথম মিস ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হতে পেরে আমি ভীষণ সম্মানিত ও আনন্দিত। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে পাকিস্তান গর্ব করতে পারে।’

তিনি আরও জানান, জাতীয় পরিচালক সোনিয়া আহমেদের প্রতি তিনি কৃতজ্ঞ, যিনি তার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন। পাশাপাশি ফটোগ্রাফার, মেকআপ শিল্পী ও ভিডিও নির্মাতাসহ পুরো টিমকেও ধন্যবাদ জানিয়েছেন।
লাহোরের ফ্যালেট্টিস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনিকার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২ ড. শাফাক আখতার এবং মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড আত্তাউল্লাহ গুজ্জর।
অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান আনিকা। তিনি বলেন, রাষ্ট্র স্বীকৃত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পাশাপাশি শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার প্রসারে কাজ করতে চান।

আয়োজকদের দাবি, আনিকা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অভিজ্ঞ মুখ। এর আগে তিনি ছয়টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে চারটি শিরোপা জিতেছেন।
এর আগে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন এরিকা রবিন ও রোমা রিয়াজ। তবে এবারই প্রথম মিস ওয়ার্ল্ডের মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কোনো প্রতিযোগী।
মেয়ের এই সাফল্যে খুশি অনিকার মা-বাবা। মেয়ের একজন সফল মডেল হওয়ার ইচ্ছায় তাঁরা বরাবর পাশে থেকেছেন। অনিকার মা-বাবা কখনও তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে কিছু করার জন্য চাপ দেননি। সূত্র: গল্ফ টুডে
- বিষয় :
- মিস ওয়ার্ল্ড
- সুন্দরী প্রতিযোগিতা