লিসবনে মঞ্চ মাতাবেন জেমস, থাকবেন জায়েদ খানও
জেমস ও জায়েদ খান। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৫:৫৩ | আপডেট: ২১ জুলাই ২০২৬ | ১৭:১০
পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমস। একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান।
এটি হবে জায়েদ খানের প্রথম পর্তুগাল সফর এবং প্রথমবারের মতো দেশটিতে মঞ্চে পারফরম্যান্স।
সমকালকে পাঠানো এক খুদে বার্তায় জায়েদ খান বলেন, ‘প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। আমি খুব উত্তেজিত। সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে। বাঙালি সংস্কৃতি তুলে ধরব। ভাবতেই ভালো লাগছে।’
লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া ইউরো ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
কনসার্টটির আয়োজন করছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। আয়োজকদের প্রত্যাশা, জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন। পাশাপাশি জায়েদ খানের উপস্থিতি ও পারফরম্যান্স আয়োজনটিতে ভিন্ন মাত্রা যোগ করবে।
ইতোমধ্যে লিসবনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে অনুষ্ঠিত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজনগুলোর একটি।