ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পাঁচ বছর পর ‘ঝুমুর’ হয়ে গেল ‘সুগন্ধা’

পাঁচ বছর পর ‘ঝুমুর’ হয়ে গেল ‘সুগন্ধা’
×

অনিন্দ্য মামুন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৫:৪৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ | ০৬:২১

চট্টগ্রামের সিনেমা হলের তালিকা বেশ দীর্ঘ। হলগুলোর নামও বেশ বাহারি। কোনোটির নাম সাগরিকা, কোনোটির নাম আকাশ, গুলজার, রঙ্গম কিংবা উজালা। এভাবে ঝুমুর, জলসা, লায়ন, বনানী, সানাই, উপহার, রিদম, মেলোডি, সঙ্গীত, নূপুর, চাঁদনী, কর্ণফুলীসহ আরও কিছু হল নামের ঝংকার তুলে। নামগুলো থাকলেও এখন সেখানে সিনেমা হল নেই! হলগুলো ভেঙে নির্মাণ করা হয়েছে নানা স্থাপনা। কোনোটি হয়েছে মার্কেট, কোনোটি বহুতল ভবন, আবার কোনোটি গুদাম!

সিনেমা হলে ভালো ছবি নেই। তাই ছিলো না দর্শকও। এই দর্শকের অভাবে বন্দরনগরী  কাজীর দেউড়ি এলাকার ‘ঝুমুর’ সিনেমা হল বন্ধ করে দেওয়া হয় পাঁচ বছর আগে। হলটি ১৯৮১ সালে প্রযোজক আলহাজ আবুল হোসেন প্রতিষ্ঠা করেছিলেন। সালমান শাহ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ ছবির প্রযোজক তিনি। সিনেমা প্যালেস’ নামে আরেকটি হলের মালিকও তিনি। প্রায় ৪০ বছর ধরে সিনেমা ব্যবসায় জড়িত আবুল হোসেন দর্শক খড়ার কারণে বন্ধ করে দেন ঝুমুর সিনেমা হল। 

কিন্তু সিনেমাকে ভালোবেসে দূরে থাকতে পারলেন না তিনি। ঝুমুর নাম পরিবর্তন করে সুগন্ধা নাম দিয়ে আবার শুরু করছেন ব্যবসা। সোমবার আবার চালু হতে যাচ্ছে হলটি। চট্টগ্রাম থেকে হলটির প্রতিষ্ঠাতা আলহাজ আবুল হোসেন নিজেই সমকালকে জানান এ তথ্য। 

তিনি বলেন, 'এতো বছরের ব্যবসা থেকে কিভাবে দূরে থাকি। তাই নতুন করে হল আধুনিকায়নের মাধ্যমে চালু করছি। নতুন নাম হবে সুগন্ধা। এবার হলে দর্শকদের চাহিদা মোতাবেক সকল সুবিধা থাকবে।’

আলহাজ আবুল হোসেনের ছেলে সাহাদাৎ হোসেন নতুন এই ব্যবসা দেখভাল করবেন। নতুন প্রজন্মের হাত ধরে চট্টগ্রামে সিনেমা ব্যবসা আরও ভালো হবে বলে প্রত্যাশা ঝুমুর প্রতিষ্ঠাতার। সমকালকে সাহাদাৎ হোসেন বলেন, ‘বাবার পুরোনো ব্যবসা এটি। আমি এ বিষয়ে বাইরে থেকে পড়াশোনা করে আসছি। আশা করছি এ ব্যবসায় ভালো করতে পারবো।’ 

সুগন্ধা হলে দেশীয় ছবির পাশাপাশি হলিউড ও বলিউডের ছবি প্রদর্শিত হবে বলেও জানান সাহাদাৎ হোসেন। 

সুগন্ধা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন সাইফ হোসাইন। তিনিও জানালেন, নতুন এই হলে ঝকঝকে স্ক্রিন, আপডেট সাইন্ড সিস্টেম, আসন ব্যবস্থা আরামদায়ক করা হয়েছে। জেনারেল সিট সংখ্যা ২০০ এবং ভিআইপি আসন ১৬টি থাকছে। টিকেটের মূল্য থাকছে ১৫০-২০০ টাকা মধ্যে। 

সাইফ হোসাইন আরও বলেন, ঝুমুর আগে ছিল একটি কোম্পানির অধীনে। দেশে চাহিদামত সিনেমা না থাকায় ঝুমুর বন্ধ করা হয়। নতুন করে নিজ তত্ত্বাবধানে আবুল হোসেন সংস্কার করে সুগন্ধা নামে চালু করছেন। সোমবার ‘কাঠবিড়ালী’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে সুগন্ধা হলের পর্দা উন্মোচিত হতে যাচ্ছে।

আরও পড়ুন

×