‘হৃদয় জুড়ে’র পোস্টার এলো, ফেব্রুয়ারিতেই মুক্তি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০৭:১৫
নতুন বছরের শুরুতেই সেন্সর চৌকাঠ পেরোয় চিত্রনায়ক নিরব ও কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা অভিনীত ছবি ‘হৃদয় জুড়ে’। আজ প্রকাশিত হলো ছবিটির অফিসিয়াল পোস্টার। সেই সঙ্গে ছবিটির পরিচালক রফিক শিকদার জানালেন ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবিটি।
তবে ফেব্রুয়ারির কত তারিখে মুক্তি পাবে সেটা জানতে পারেননি পরিচালক। বলেন, মুক্তির তারিক নিয়ে ভাবা হচ্ছে। তবে ফেব্রুয়ারির যে কোন এক শুক্রবারে প্রেক্ষাগৃহে দেখতে পাবেন হৃদয় জুড়ে।
২০১৭ সালে শুটিং শুরুর পর থেকে নানা কারণে ছবিটি আলোচনায় এসেছিল। এরপর থেমে থেমে শেষ হয় ‘হৃদয় জুড়ে’র কাজ। স্টাই পাইপস প্লাস্টিক নিবেদিত ছবিটি প্রযোজনা করেছেন ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। প্রতিষ্ঠানটির কর্ণধার মনির হোসেন বলেন, ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যেই ‘হৃদয় জুড়ে’ মুক্তি দেব। আজ পোস্টার প্রকাশ করা হলো। ২ ফেব্রুয়ারি আসবে ছবিটির প্রথম গান। এরপর ট্রেলার প্রকাশ করবো আমরা।
মৌলিক গল্পের ছবি হৃদয় জুড়ে। পরিচালক নিজেই ছবির চিত্রনাট্য করেছেন। নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন যুবরাজ, সাইফ চন্দন, পাপিয়া, ডন প্রমুখ। ছবিটির ব্যাক গ্রাউন্ড মিউজিক করেছেন সঙ্গীত পরিচালক ও গায়ক রুবেল।
- বিষয় :
- হৃদয় জুড়ে
- নিরব
- প্রিয়াঙ্কা
