ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ভিউয়ের বিচারে কাজ পাচ্ছেন শিল্পীরা: হুমায়রা হিমু

ভিউয়ের বিচারে কাজ পাচ্ছেন শিল্পীরা: হুমায়রা হিমু
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৪৮

হুমায়রা হিমু। মডেল ও অভিনেত্রী। আজ রাতে দীপ্ত টিভিতে প্রচার হবে তার অভিনীত ধারাবাহিক 'বকুলপুর'। এ ধারাবাহিক ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

গল্প ও চরিত্রের দিক থেকে 'বকুলপুর' কতটা ভিন্নধর্মী?

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত নাটকটিতে শুধু বিনোদন নয়, সমসাময়িক নানা বাস্তবতার কথা উঠে এসেছে। এর প্রতিটি পর্বে অনেক মেসেজ রয়েছে, যা নাটকটিকে অন্যসব নাটক থেকে আলাদা করেছে। এ নাটকে 'খুকুমনি' চরিত্রটি নিয়ে দর্শক ইতিবাচক কথা বলছেন।

এ নাটকে গ্রামীণ চিত্র কতটা উঠে এসেছে?

শিল্পী বাছাই থেকে শুরু করে নানা পর্যায়ে বেশ যত্ন নিয়ে নাটকটি পরিচালনা করছেন কায়সার আহমেদ। তিনি নাটকে আমাদের চেনাজানা গ্রামকে তুলে ধরতে চেষ্টা করেছেন। এর শুটিং ঢাকা শহরের বাইরে। বকুলপুর নাটকে গ্রাম কতখানি উঠে এসেছে, নাটকটি দেখলে সহজেই দর্শক বুঝতে পাবেন।

আর কোন ধারাবাহিকে অভিনয় করছেন?

মাতিয়া বানু শুকুর পরিচালনায় 'গোল্লাছুট', হাবিব শাকিলের পরিচালনায় 'আদালত' নাটকে নিয়মিত অভিনয় করছি। পাশাপাশি একক নাটকেরও ব্যস্ততা রয়েছে।

শুনেছি নাটকের পাশাপাশি মঞ্চেও অভিনয়ের পরিকল্পনা করছেন?

হাঁ, ঠিকই শুনেছেন। সিদ্ধান্তও নিয়েছিলাম। কিন্তু নানা বাস্তবতায় আর হচ্ছে না। হাতে তিন-চারটি ধারাবাহিক। এ নাটকগুলোর শুটিংয়ে অনেক সময় দিতে হয়। ফলে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে।

টিভি মিডিয়ার বর্তমান অবস্থাকে আপনি কীভাবে দেখছেন?

টিভি মিডিয়ায় এখন হযবরল অবস্থা চলছে। এখন ইউটিউবের রাজত্ব চলছে। ভিউয়ের বিচারে কাজ পাচ্ছেন শিল্পীরা। অনেক শিল্পী অভিনয় জানেন, কিন্তু তাদের ভিউ নেই। তারা অভিনয়ের সুযোগ পাচ্ছেন না। গুটি কয়েক শিল্পীকে নিয়েই কাজ করছেন নির্মাতারা। এ সুযোগে ওই শিল্পীরা পারিশ্রমিকও বাড়িয়ে নিচ্ছেন। বাজেট সংকটের কারণে বাধ্য হয়েই চরিত্র কমিয়ে দিচ্ছেন নির্মাতারা। এ কারণে নাটকের মানও নেমে যাচ্ছে। এটা মোটেই সুখকর নয়।

আরও পড়ুন

×