ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এখন নারীরা এগিয়ে যাচ্ছেন: এলিটা

এখন নারীরা এগিয়ে যাচ্ছেন: এলিটা
×

এলিটা করিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০০:৩০ | আপডেট: ০৭ মার্চ ২০২০ | ০০:৪০

এলিটা করিম। কণ্ঠশিল্পী। নারী দিবস উপলক্ষে প্রকাশ হবে তার গাওয়া গান 'এগিয়ে যাওয়া নারী'। গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

এবারের নারী দিবস নিয়ে 'এগিয়ে যাওয়া নারী' শিরোনামে গান করলেন। কেমন হলো...

ঘরে-বাইরে প্রতিনিয়ত একজন নারীকে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। সব প্রতিবন্ধকতা দূর করে এখন নারীরা এগিয়ে যাচ্ছেন। সব দেশের নারী জীবনের গল্প নিয়ে নারীকে অনুপ্রেরণা দিতে তৈরি হয়েছে এ গানটি। মাহমুদ খুরশিদের কথায় এর সুর ও সংগীত আয়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটিতে আমার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস, কনা ও প্রিয়াঙ্কা গোপ। ভিডিও নির্মাণ করেছে টিভিওয়ালা মিডিয়া [কলকাতা] টিম। আগামীকাল সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশ পাবে। নারী জীবনের সংকট ও সম্ভাবনা কথা উঠে এসেছে গানে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।

এ গানের পরিকল্পনা কীভাবে হলো?

একসঙ্গে চারজনের এ গানের উদ্যোগ নিয়েছিলেন সুস্মিতা আনিস। তার ইচ্ছা ছিল কয়েকজন মিলে নারী দিবসের একটি গান করবেন। এরপর আমাকে ডেকে গানটির কথা শোনালেন। গানের কথা শুনেই রাজি হয়েছি। এরপর অন্যরাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।

শুনলাম ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে 'জয় বাংলা কনসাট'-এ গান পরিবেশন করবেন?

হ্যাঁ। ঠিকই শুনেছেন। জয় বাংলা কনসার্টে ৭ মার্চ ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের হয়ে মঞ্চে উঠব। এতে আমি নতুন একটি ফোক গান পরিবেশন করব।

ঐতিহাসিক ৭ মার্চকে ঘিরে ধারাবাহিক এ আয়োজন দর্শক-শ্রোতার মধ্যে কতটা প্রভাব ফেলেছে বলে মনে করেন?

একাত্তরের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই ইতিহাস তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতেই প্রতি বছর জয় বাংলা কনসার্টের আয়োজন করা হচ্ছে। তাই সবকিছুই পরিকল্পনামাফিক হয়ে আসছে। যে জন্য এ আয়োজন দর্শক-শ্রোতার মধ্যে দারুণ প্রভাব ফেলেছে।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ দিবস নিয়ে ভাবনা কেমন?

নারীদের জন্য এটি বিশেষ একটি দিন। সারাবিশ্বেই দিবসটি পালিত হয় একসঙ্গে। সবাই নারীদের নিয়েই কথা বলছেন। আইডিয়া শেয়ারিং হচ্ছে। নারী দিবসের যা আলোচনা হয়, প্রতিবছরই একটু একটু করে এর বাস্তবায়ন দেখতে চাই। নারীর আরও উন্নতি দেখতে চাই। নারী-পুরুষের বৈষম্য অনেক আগে থেকেই ছিল। এখনও আছে। এ সমস্যার কি আমরা সমাধান করতে পেরেছি? তা দেখতে হবে। শুধু দিবসকেন্দ্রিক নয়, সারা বছর এ নিয়ে কাজ করা দরকার।


আরও পড়ুন

×