ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বঙ্গবন্ধুর বায়োপিক: কথা বলা নিষেধ

বঙ্গবন্ধুর বায়োপিক: কথা বলা নিষেধ
×

আরিফিন শুভ,নুসরাত ইমরোজ তিশা ও হিমি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০১:১৯ | আপডেট: ০৭ মার্চ ২০২০ | ০১:৩০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’। গত ১ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ওয়েবসাইটে এ বায়োপিকে কারা করা অভিনয় করছেন তার ৫০ জনের একটা তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। নুসরাত ইমরোজ তিশা থাকছেন বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর পূর্ণবয়স্ক চরিত্রে। ছোটবেলার একই চরিত্রে থাকছেন প্রার্থনা দীঘি।

তবে চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়া অব্দি অপেক্ষায় থাকতে হচ্ছে প্রাথমিক তালিকায় প্রকাশিত হওয়া এসব তারকাদের। এখনই কোন বিষয়ে মুখ খুলতে পারছেন না বলে জানিয়েছেন তারা। 

প্রাথমিক তালিকা বলা হয়েছে শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া এবং পূর্ণবয়স্ক চরিত্রে অভিনয় করবেন জান্নাতুল সুমাইয়া। শেখ হাসিনার শৈশব পর্দায় তুলে ধরবে শিশুশিল্পী ওয়ানিয়া জারিন আনভিতা। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছোটবেলার চরিত্রে পর্দায় দেখা যাবে সামান্তা রহমানকে। রোজী জামালের চরিত্রে অভিনয় করবেন নাইরুস সিফাত। লুৎফর রহমানের চরিত্রে খায়রুল আলম সবুজ, সাহেরা খাতুনের পূর্ণবয়স্ক ও ছোটবেলার দুটি চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান ও সংগীতা চৌধুরী।

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করতে যাওয়া আরিফিন শুভও জানালেন তিনি ১৭ মার্চের আগে এ বিষয়ে কিছুই জানাতে পারছেন না। শুভ বলেন, ‘বিষয়টি নিয়ে যেহেতু আমি একটি কমিটমেন্টের মধ্যে আছি, তাই এ বিষয়ে কিছু বলতে চাই না।’

একই কথা বললেন নুসরাত ইমরোজ তিশাও। যিনি বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর পূর্ণবয়স্ক চরিত্রে অভিনয় করবেন। তিশা বলেন, শুধু বলবো অন্যদের মতো আমারও নামও ৫০ জনের তালিকায় আছে। কিন্তু শ্যাম বেনেগাল পরিচালিত 'বঙ্গবন্ধু' ছবি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। অফিসিয়ালি ঘোষণা করলেই পুরো বিষয়টি সবাইকে জানাতে পারব।’

বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি এ খবর পেয়ে বেশ উচ্ছ্বসিত বলেই জানালেন। হিমির ভাষায়, ‘সারপ্রাইজড। হঠাৎ করেই অডিশন দেওয়া। চিন্তাও করিনি শেখ হাসিনা ম্যামের চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হব। সবাই আমার জন্য দোয়া করবেন।’

শেখ হাসিনার চরিত্রে আরও অভিনয় করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবিটি নিয়ে মন্তব্য জানতে চাইলেই তিনি বলেন, এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না। মন্ত্রণালয় থেকে ই–মেইল পাঠিয়ে নিষেধ করা আছে। ১৭ মার্চের পর আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে।

প্রাথমিক তালিকায় অন্যান্যদের মধ্যে আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দিন আহমেদের চরিত্রে চিত্রনায়ক ফেরদৌস, এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবুকে মনোনীত করা হয়েছে।

মুজিবর্ষের শুরুর দিন ১৭ মার্চ থেকে ছ‌বি‌টির দৃশ্যধরণ শুরু হচ্ছে; ইতোমধ্যে এফডিসিতে সেট নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২১ সালের মার্চের ম‌ধ্যেই ছ‌বিটি মু‌ক্তি দেওয়ার পরিকল্পনা আছে পরিচালকের।

জানা গেছে ‘বঙ্গবন্ধু’তে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনায় থাক‌ছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

আরও পড়ুন

×