ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বলিউড

ইরফান খানের ফিরে আসা

ইরফান খানের ফিরে আসা
×

'আংরেজি মিডিয়াম'

উপমা পারভীন

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৩:২০ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০৩:২৮

২০১৭ সালের ১৯ মে মুক্তি পায় ইরফান খান অভিনীত ব্যবসাসফল চলচ্চিত্র 'হিন্দি মিডিয়াম'। সেই ছবির সাফল্যের পরপরই সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নেন নির্মাতা। 'হিন্দি মিডিয়াম' ছবিতে ইরফানের সঙ্গে অভিনয় করেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। ছবিটির সিক্যুয়েলেও যখন ইরফানকে চিন্তা করেন নির্মাতা, তখনই তার শরীরে নিউরো এন্ডোক্রাইন ক্যান্সার বাসা বেঁধেছে। শারীরিক অসুস্থতার কারণে ছবিটিতে ইরফান অভিনয় করবেন কিনা, তা ঠিক ছিল না। এরপর লন্ডনে গিয়ে যখন নির্মাতারা তাকে চিত্রনাট্য পড়ে শোনান, তখনই তিনি অভিনয়ের জন্য রাজি হন। শরীরে ক্যান্সার নিয়ে অনেক পরিশ্রম আর ভালোবাসা দিয়ে 'আংরেজি মিডিয়াম' ছবির কাজ করেন ইরফান খান। যার কষ্ট বৃথা যায়নি। ট্রেলারটি প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন। শুভ কামনায় ভরে গেছে কমেন্ট বক্স। ছবির ট্রেলারে দেখা যায়, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তারিকার হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ পুরস্কার। মেয়ের কৃতিত্বের জন্য মঞ্চে ডাকা হলো বাবা চম্পক গোস্বামীকে। তিনি আবার বিশেষ ইংরেজি বলতে পারেন না। তিনি মঞ্চে উঠে বলেন, 'আনসাইড আই অ্যাম ভেরি ইমোশনাল, আউটসাইড আই অ্যাম ভেরি হ্যাপি'- এই দুটি বাক্যেই নিজের বক্তব্য শেষ করলেন চম্পক।

এদিকে স্কুলে ভালো রেজাল্ট করার পর লন্ডনের কলেজে ভর্তির স্বপ্ন দেখে তারিকা। এর জন্য যে টাকার প্রয়োজন, তা দেওয়ার সামর্থ্য নেই চম্পকের। কীভাবে জোগাড় হবে মেয়ের পড়ার খরচ? এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে 'আংরেজি মিডিয়াম'। ছবির ট্রেলারে চম্পক গোস্বামীর চরিত্রে মন কেড়েছেন ইরফান খান। দীনেশ বিজনের ম্যাডক ফিল্মসের প্রযোজনায় 'আংরেজি মিডিয়াম' পরিচালনা করছেন হোমি আদজানিয়া। ছবিতে কারিনা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, 'এই ছবিতে আমার চরিত্রটা একেবারেই ছোট। কিন্তু আমি কাজটা করেছি, কারণ সাধারণত যে ধরনের কাজ করি, তা থেকে বেরিয়ে অন্য কিছু করতে চেয়েছি।' এদিকে ট্রেলার প্রকাশের আগে এক ভয়েস মেসেজে ইরফান খান বলেন, "ছবির প্রচারণায় উপস্থিত থাকার ইচ্ছা ছিল আমার। কিন্তু শরীরের কিছু অযাচিত অতিথির জন্য অনিশ্চয়তায় ভুগছি। আমি আমার ভক্তদের কাছে অনুরোধ করেছি- 'আংরেজি মিডিয়াম' সিনেমাটি দেখবেন এবং আমার সুস্থতার জন্য প্রার্থনা করবেন।" ইরফান খানের ক্যামব্যাক ছবি 'আংরেজি মিডিয়াম'। এই ছবি ঘিরে তার ভক্তদের মধ্যে উন্মাদনাও তুঙ্গে। অসুস্থতার সময় ভক্তদের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন ইরফান।

কেবল ভক্তরাই নন, ইরফানের দুঃসময়ে তার পাশে ছিল পুরো বলিউড। তার ছবির প্রচারের নেট দুনিয়ায় দেখা গেল বলিউডের তারকাদের এক অভিনব প্রয়াস। আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, আনুশকা শর্মা, কিয়ারা আদবানী, কৃতী শ্যাননসহ অনেক অভিনেত্রী অংশ নিয়েছিলেন এক ক্যাম্পেইনে; যার নাম শেয়ারিং লাভ ফর হ্যাশট্যাগ 'আংরেজি মিডিয়াম'। বলিউডের এই দারুণ প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে নেটাগরিকরা। দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন ইরফান খান। ছবির ট্রেলারে ইরফান খানকে বলতে শোনা যায় 'জীবন যদি আপনাকে টক লেবু উপহার দেয়, সেই লেবুর শরবত বানিয়ে ফেলুন- এই কথা মুখে বলা যত সহজ, কাজ করা তত কঠিন।' জীবনের কঠিন মুহূর্তগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার কাহিনি নিয়েই আসছে 'আংরেজি মিডিয়াম'। ইরফান জানিয়েছেন, 'আংরেজি মিডিয়াম আপনাকে হাসাবে, কাঁদাবে এবং আবার হাসাবে।'
ভিডিওতে ইরফান বলেছেন, 'হ্যালো, ব্রাদার অ্যান্ড সিস্টার। আমি ইরফান। আমি আপনাদের সঙ্গে আছি, আবার নেইও। এই আংরেজি মিডিয়াম ছবিটি আমার কাছে স্পেশাল। আমরা যতটা ভালোবাসা দিয়ে ছবিটি বানিয়েছি, ততটাই ভালোবাসা দিয়ে আমি এর প্রচার করতে চাই। কিন্তু আমার শরীরে কিছু অযাচিত অতিথিতে ভরে গিয়েছে, আমি তাদের সঙ্গে দরাদরি করার চেষ্টা করছি। দেখি আলোচনা কতদূর যায়, যা হবে আমি আপনাদের জানাব।'
গত বছর মার্চ মাসে নিউরোএন্ডোক্রাইন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ইরফান। তারপর চিকিৎসার জন্য দীর্ঘ সময় ছিলেন লন্ডনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন ঠিকই। কিন্তু নিজেকে আড়ালেই রেখেছেন অনেকের প্রিয় অভিনেতা ইরফান খান।

আরও পড়ুন

×