আসছে 'দিন-দ্য ডে'র টিজার
‘দিন দ্য ডে’ ছবির একটি গানের কলাকুশলীদের সঙ্গে অনন্ত জলিল ও বর্ষা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৪:২০ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০৪:৩৮
আগামী ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত ‘দিন দ্য ডে’। মুক্তি উপলক্ষে ইতোমধ্যেই প্রচারণা শুরু হয়েছে ছবিটির। এর আগে প্রযোজক সমিতির পিকনিকে ছবিটির টিজার প্রদর্শিত হয়। সেখানে অভিনেতা ফারুক, শাকিব খান, পপিসহ অনেক প্রযোজক ও শিল্পীরা দেখেন। মঞ্চে নিজের বক্তব্যে টিজারটির প্রশংসা করেন শাকিব খান।
বৃহস্প্রতিবার অনন্ত জলিল জানালেন এবার দর্শকদের জন্য টিজারটি প্রকাশ করা হচ্ছে। আগামী ১৫ মার্চ অনন্ত জলিলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
এ বিষয়ে অনন্ত জলিল বলেন, ‘প্রযোজক সমিতির পরিবারিক মিলন মেলায় যে টিজারটি দেখানো হয় সেটিতে কাজ বাকি ছিলো। বলতে পারেন আনকম্লিট টিজার। এবার টিজারের পুরোপুরি কাজ শেষ করে আগামী রবিবার প্রকাশ করবো ইনশাল্লাহ।’
‘দিন দ্য ডে’র মাধ্যমে প্রায় ৬ বছর পর প্রেক্ষাগৃহে আসছে অনন্ত জলিল। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এর বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল।
এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। দু'বছর ধরে নির্মাণ করা হয়েছে ছবিটি। এতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুক অভিনয় করছেন।
পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন। ছবিতে অনন্তকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসীগোষ্ঠী দমন অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে। ছবিটি ইরান ও বাংলাদেশের পাশাপাশি আরও বেশ কিছু দেশে মুক্তি পাবে।
- বিষয় :
- দিন দ্য ডে
- অনন্ত জলিল
- বর্ষা
- বিনোদন
