ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঊনপঞ্চাশ বাতাস ও শার্লিন

ঊনপঞ্চাশ বাতাস ও শার্লিন
×

শার্লিন ফারজানা

অনিন্দ্য মামুন

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৫:২৬ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০৫:৩৫

মায়াবী মুখ। দোহারা গড়ন। চাহনিতে অদ্ভুত এক মায়া যেন বিদ্যমান। যে মায়ায় ডুবে থাকা যায় অনন্তকাল। স্বপ্ন দেখা যায় অফুরন্ত। প্রথম ছবি 'ঊনপঞ্চাশ বাতাশ'-এর পোস্টারে ও ট্রেলারেও এমন শার্লিনকে ফুটিয়ে তোলা হয়েছে। যদিও ছবিটির তিন মিনিটের ট্রেলারে দর্শকদের গল্প নিয়ে কোনো আঁচ দেননি নির্মাতা।

ভৌতিক এবং রহস্যে ঘিরে রাখে পুরো ট্রেলার। তবে দৃশ্য ধারণের জন্য নির্মাতার বেছে নেওয়া লোকেশনগুলো মুগ্ধ করেছে ট্রেলারেই। আর শার্লিনের অভিনয়ের মুগ্ধতার রেশ লেগে থাকবে বেশ খানিকক্ষণ। এই ছবির মাধ্যমেই ছোট পর্দা থেকে হতে যাচ্ছেন বড় পর্দার নায়িকা। তাও আবার প্রথম।

এই প্রথম বলেই ছবিটিতে অভিনয় করতে গিয়ে কিন্তু শার্লিনকে বেশ ছাড় দিতে হয়েছে। এক বছর অন্য কোনো দিকে মনোযোগ দেননি। মানে কাজ করেননি কোনো নাটক বা সিনেমায়। এ সময় ৩০টির মতো নাটকের প্রস্তাব এসেছে তার। সবই বাদ। অভিনয় করেননি। সেটা অবশ্যই প্রথম ছবির নির্মাতার নির্দেশেই। কারণ তিনি বলে দিয়েছিলেন, বড় পর্দায় আসার আগে ছোট পর্দায় বিরতি দিতে হবে। পরিচালকের সে কথা অক্ষরে অক্ষরে যেন পালন করেছেন এই অভিনেত্রী।

শার্লিন বলেন, প্রথমে সব কিছুতেই অন্যরকম এক ইমোশন কাজ করে। ঊনপঞ্চাশ বাতাসের বেলায়ও সেটা হচ্ছে আমার। প্রথমবার বড় পর্দায় আসছি। এ জন্য অনেক ছাড় দিতে হয়েছে। এক বছর আমি ছোট পর্দায় কোনো কাজ করিনি। এর মধ্যে ২৭টি নাটকের প্রস্তাব পেয়েছিলাম। সেগুলো করিনি। অনেক নির্মাতা ফোন করেছেন। শুধু সিনেমার স্বার্থে সেসব কাজ করতে রাজি হইনি।
ছবিটির কাজ শেষ হওয়ার পর দ্রুত মুক্তি পাক- এ প্রতীক্ষায় এতদিন ধরে আছেন শার্লিন। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না। কথা ছিল ১৩ মার্চ মুক্তি পাবে ছবিটি। কিন্তু পাচ্ছে না। দেশে করোনাভাইরাসের জন্য 'ঊনপঞ্চাশ বাতাস'-এর মুক্তি বাতিল করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, দেশে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ছবিটি নির্ধারিত তারিখে মুক্তি দিচ্ছি না।

অথচ এই ছবির জার্নির গল্প বলতে গিয়ে শার্লিন বলেন, খুব যত্ন নিয়ে কাজ করেছি। 'ঊনপঞ্চাশ বাতাস' নিয়ে যখন যে সমস্যার কথা বলা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়েছি। অনেক সময় প্রধান সহকারী ডাবিং নিয়েছেন। সেটা নির্মাতার মনমতো হয়নি, আবার দিয়েছি। সবকিছুই ঠিকঠাক হওয়ার পরও করোনাভাইরাসের কারণে মুক্তি পাচ্ছে না। কষ্ট পাচ্ছি খুব। শার্লিন বরাবরই কম অভিনয় করেন। প্রথম ছবির জন্য নাটকে কাজ কম করছেন বললেও ছবিটি শুটিংয়ের আগে তাকে নাটকে কমই দেখা গেছে। বিষয়টি উল্লেখ করলে তিনি জানালেন কাজ তো সংখ্যার বিচারে নয়, মানের বিচারে করতে হয়। তবে তিনি শোবিজে ম্যারাথন গতিতে দৌড়াতে পছন্দ করেন।

প্যান্টিন ইউ গড দ্য লুক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর কাজ শুরু করলেও শার্লিন ফারজানা অমিতাভ রেজার গ্রামীণফোন ও গাজী শুভ্রর সিলন চায়ের বিজ্ঞাপন দিয়েই নতুন করে আলোচনায় উঠে আসেন। এরপরই ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হয় এ অভিনেত্রীর। তবে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও শার্লিনের মূল টার্গেট সিনেমা। সিনেমায় নিয়মিত অভিনয় করতে চান তিনি। সেটা অবশ্যই কিছুটা গল্পনির্ভর ছবির।

আরও পড়ুন

×