ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আমি ব-কলম, লেখাপড়ার কোনো সুযোগ পাইনি: কুদ্দুস বয়াতি

আমি ব-কলম, লেখাপড়ার কোনো সুযোগ পাইনি: কুদ্দুস বয়াতি
×

কুদ্দুস বয়াতি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ২০:২০ | আপডেট: ৩১ মার্চ ২০২০ | ২০:৩৮

কুদ্দুস বয়াতি। বাউল শিল্পী। করোনা সচেতনতায় 'জাইনা চলেন, মাইনা চলেন' শিরোনামের নতুন গান গেয়েছেন তিনি। দীর্ঘদিন পর গানে ফেরা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

বেশ বিরতির পর নতুন গানে ফিরলেন। কেমন সাড়া পাচ্ছেন?

ভালোই। গানটি উন্মুক্ত হওয়ার পরপরই সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি গানটি শহর ও গ্রামের পাড়া-মহল্লায় মাইকে প্রচার হচ্ছে। দেশের মানুষকে সচেতন করতে 'জাইনা চলেন, মাইনা চলেন' এ রকম একটি গান দিয়ে আবারও ফিরে আসতে পেরে ভালোই লাগছে। ভিডিও পরিবেশনায় ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পাশাপাশি হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার কথা গানে গানে তুলে ধরেছি। এই গান প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সুর ও সংগীত করেছেন আহম্মেদ হুমায়ুন। ভিডিও পরিচালনায় ছিলেন মাহিন আওলাদ। আশা করছি করোনাভাইরাস মোকাবিলায় গানটি মানুষকে সচেতন করতে সহায়তা করবে।

অনেক দিন আপনাকে গানে পাওয়া যায়নি...

শারীরিক অসুস্থতার কারণে প্রায় তিন বছর গানের সঙ্গে থাকতে পারিনি। সৃষ্টিকর্তা আমাকে সুস্থ করেছেন। অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আমাকে ফিরিয়ে আনলে দেশের কাজেই লাগব। আমার দোয়া কবুল হয়েছে। ফিরেই করোনা সচেতনতায় গান করেছি। আমার গানের মাধ্যমে মানুষ যদি সচেতন হয়ে করোনা থেকে রক্ষা পায় তাতেই আমি আনন্দিত।

জনসচেতনতামূলক গান করার পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে?

মনের আনন্দে গান করি। তবে জনসচেতনতামূলক গান গাওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে। তা হচ্ছে, আমি 'ব-কলম'। লেখাপড়ার কোনো সুযোগ পাইনি। তাই গানের মাধ্যমে সবাইকে সচেতন করে যাওয়ার চেষ্টা করি।

শুনেছি করোনা সচেতনতায় আরও একটি নতুন গান প্রকাশ করেছেন?

হ্যাঁ, এবারের গানটি আমার দেশের প্রশাসনকে নিয়ে। অনেকের সঙ্গে সশস্ত্র বাহিনী অনেক কষ্ট করে করোনা মোকাবিলায় কাজ করছে। তাদের উৎসাহ দিতে 'করোনার এ ভয়ংকর যুদ্ধে আমরা যাদের পাশে পাই...' এ রকম কথার গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছি আমি। গতকাল 'বয়াতি গান' ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়েছে।

কুদ্দুস বয়াতি ফাউন্ডেশনের কাজ কেমন চলছে?

বাউলদের উন্নয়নে কাজ করতে 'কুদ্দুস বয়াতি ফাউন্ডেশন' গঠন করেছিলাম। নিজের শারীরিক অসুস্থতার মাঝে এর কার্যক্রম করতে পারিনি। এ ফাউন্ডেশনের মাধ্যমে লোকজ জাদুঘর বানানোর ইচ্ছা আছে। শুধু বাউলদের জন্য নয়, এর মাধ্যমে দেশের জন্যও কাজ করে যেতে চাই।

আরও পড়ুন

×