ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানিয়ে শাহরুখ বললেন, স্বপ্ন বাস্তবে রূপ নিলো

যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানিয়ে শাহরুখ বললেন, স্বপ্ন বাস্তবে রূপ নিলো
×

শাহরুখ খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২০:২৬ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ২১:৩৩

বলিউড তারকা শাহরুখ খানের সাফল্যের তালিকায় এবার যুক্ত হলো নতুন এক মাইলফলক। কিংখানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ যুক্তরাষ্ট্র ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। বিশ্বের প্রথম বৈশ্বিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে তারা নিজস্ব আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম বানিয়েছে লস অ্যাঞ্জেলেসে।

‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ নামের ওই স্টেডিয়ামে ইতোমধ্যে হয়েছে প্রথম মেজর লিগ ক্রিকেট ম্যাচ। স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। এই ম্যাচ শুধু নতুন একটি ভেন্যুর উদ্বোধনই নয়, বরং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জন্য স্থায়ী ও বিশ্বমানের ঠিকানা বলে মনে করছে নাইট রাইডার্স গ্রুপ।

এনডিটিভি ও দ্য টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত এই স্টেডিয়ামে রয়েছে আটটি উইকেট, আইসিসি নির্ধারিত মাপের মাঠ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে প্রায় ৩২ হাজার টন মাটি সরিয়ে খেলার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে।

স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে শাহরুখ খান বলেন, ‘যে স্বপ্ন নিয়ে যাত্রা হয়েছিল, আজ তা বাস্তবে রূপ নিল। বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলাকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্সের সঙ্গে এই দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে আমরা শুধু একটি ক্রিকেট ভেন্যু নির্মাণ করিনি, বরং এমন একটি জায়গা গড়ে তুলেছি যেখানে মানুষ একত্র হবে, আনন্দ করবে এবং স্মরণীয় মুহূর্ত তৈরি হবে।'

তিনি আরও বলেন, 'এটি শুধু খেলাধুলার জন্য নয়, পরিবার, বিনোদন এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের জন্যও একটি ঠিকানা হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। লস অ্যাঞ্জেলেস ও বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমী এবং নাইট রাইডার্স পরিবারের জন্য এটি উপহার।'

উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি হিসেবে প্রথম প্রতীকী বল করেন এনবিএ চ্যাম্পিয়ন ও লস অ্যাঞ্জেলেস লেকার্সের সাবেক তারকা মেটা ওয়ার্ল্ড পিস (রন আর্টেস্ট)। আয়োজকদের মতে, তার উপস্থিতি যুক্তরাষ্ট্রে মূলধারার ক্রীড়ার সঙ্গে ক্রিকেটের সংযোগ শক্তিশালী করবে।

আরও পড়ুন

×