ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

‌‌‘সিনেমায় আসার পর মাদকাসক্ত হয়ে পড়েছিলাম'

‌‌‘সিনেমায় আসার পর  মাদকাসক্ত হয়ে পড়েছিলাম'
×

কঙ্গনা রানাউত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ২০:৫৩ | আপডেট: ৩১ মার্চ ২০২০ | ২০:৫৪

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সারা বছর ব্যস্ত থাকেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছিলেন বেশ কিছুদিন আগে।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বলিউডেও প্রভাব পড়েছে। সিনেমার শুটিং বন্ধ হওয়ার কারণে কঙ্গনাকে বাড়িতেই দিন কাটাতে হচ্ছে। তবে এই লকডাউনের সময় সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন এ অভিনেত্রী। এতে তার জীবনের তিক্ত অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন কুইন সিনেমাখ্যাত এই অভিনেত্রী।

সেখানে তিনি জানান, একটা সময় মাদকাসক্ত ছিলেন তিনি। ভিডিওতে তিনি বলেন, 'এটি খারাপ সময় নয়, এভাবে চিন্তা করবেন না। খারাপ সময়ই প্রকৃতপক্ষে ভালো সময়। বন্ধুরা, আমার বয়স যখন ১৫ অথবা ১৬ তখন বাড়ি থেকে পালিয়ে যাই। মনে করতাম, হাত দিয়ে আকাশের তারা ধরে ফেলতে পারব। বাড়ি থেকে পালানোর পর সিনেমা তারকা হই এবং দেড় থেকে দুই বছরের মধ্যে মাদকাসক্ত হয়ে পড়েছিলাম। আমার জীবন তছনছ হয়ে যায় এবং আমি এমন কিছু মানুষের সাহচর্যে ছিলাম, যাদের হাত থেকে শুধু মৃত্যুই আমাকে রক্ষা করতে পারত। এসব কিছুই হয়েছে যখন আমি কিশোরী ছিলাম।'

তারপর এক বন্ধুর পরামর্শে তার জীবন পাল্টে যায় বলে জানান কঙ্গনা। আধ্যাত্মিক শিক্ষা নেন তিনি এবং খারাপ সময় কাটিয়ে ওঠেন। এই অভিনেত্রী বলেন, 'আমার জীবনে যদি ওই চ্যালেঞ্জিং সময় না আসত আমি মানুষের ভিড়ে হারিয়ে যেতাম। আমার শক্তির উন্নয়ন করতে পারতাম না। আমার জ্ঞান বৃদ্ধি, প্রতিভার চর্চা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে পারতাম না।'

আরও পড়ুন

×