নাম ভাঙিয়ে প্রতারণা, পুলিশের দ্বারস্থ শাবানা আজমি
শাবানা আজমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ | ১৩:১১ | আপডেট: ২৩ আগস্ট ২০২৩ | ১৩:১১
বলিউডে আর্থিক প্রতারণার বিষয়ের খবর হরহামেশাই পাওয়া যায়। কিছুদিন আগে অভিনেতা বিবেক ওবেরয় ও সংগীতশিল্পী সোনু নিগমের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল। এবার অভিনেত্রী শাবানা আজমি সেজে তার বন্ধুবান্ধব, পরিচিতদের মেসেজ করছেন এক প্রতারক। এরইমধ্যে মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুরাগী ও বন্ধুবান্ধবদের সচেতন করে একটি পোস্ট দিয়ে লেখেন, আমার একাধিক কলিগ এবং বন্ধুকে আমার নাম করে মেসেজ পাঠানো হচ্ছে। এটা একটা ফিশিং অ্যাটেমপ্ট ছাড়া আর কিছুই নয়। যারা যারা এই মেসেজের উত্তর দিচ্ছেন, তাদের অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জারের জন্য কেনাকাটা করতে বলা হচ্ছে। অভিনেত্রীর টিমের পক্ষ থেকে বলা হয়, ‘শাবানাজির নাম করে কোনও কল বা মেসেজ এলে প্লিজ ধরবেন না। এটা সাইবার ক্রাইমের বিষয়। আমরা পুলিশের কাছে যাচ্ছি।’

এই মুহূর্তে কাজের ক্ষেত্রে সময়টা ভালই যাচ্ছে শাবানার। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে আলিয়া ভাটের দাদির চরিত্রে দেখা যায় তাকে। ছবিতে তার ও ধর্মেন্দ্রের রসায়ন নজর কেড়েছে দর্শকদের। এ ছাড়াও সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ঘুমর’ ছবিতে রয়েছেন তিনি। এর মাঝে এক উটকো ঝামেলায় জড়ালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী।
- বিষয় :
- শাবানা আজমি
- প্রতারণা
- সোনু নিগম