ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

আজকের শিল্পী

`ভালো রাঁধুনি হওয়ার চেষ্টা করছি`

`ভালো রাঁধুনি হওয়ার চেষ্টা করছি`
×

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ২২:২৮ | আপডেট: ১৭ এপ্রিল ২০২০ | ২২:৫৮

মুমতাহিনা টয়া। মডেল ও অভিনেত্রী। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'পরের মেয়ে'। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

বাসায় আছেন। সময় কীভাবে কাটছে?
খুব একটা ভালো না। শুরুর দিকে কোয়ারেন্টাইনে সময়গুলো উপভোগ করেছিলাম। প্রচুর সিনেমা দেখেছি। বোনের ছেলেরা বাসায় এসেছিল। তাদের সময় দিয়েছি। তবে এখন বেশ হাঁপিয়ে উঠেছি। কিন্তু করোনার কারণে এমন পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। তাই বাসায় যতটা সময় উপভোগ করা যায় সেই চেষ্টা করছি। নিত্যনতুন রেসিপি বানানোয় মন দিচ্ছি। ভালো রাঁধুনি হওয়ার চেষ্টা করছি।

গত ফেব্রুয়ারির শেষের দিকে শাওনের সঙ্গে আপনার বিয়ে হয়েছে। এই লকডাউনের সময় তো উপভোগ করার কথা...
সে সুযোগ আর হলো কই? বিয়ের পরই দু'জন শুটিংয়ে ব্যস্ত ছিলাম। এরপর লকডাউনের শুরুর আগে আমি নিজের বাসায় আসি। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় বাসা থেকে আর বের হওয়ার সুযোগই পাইনি। তাই শাওনের সঙ্গে অনেক দিন ধরেই দেখা হয় না।

ঈদের কোনো নাটকের কাজ শেষ করেছিলেন?
হ্যাঁ, লকডাউনের আগে কয়েকটি নাটকে কাজ করেছিলাম। তার কিছু শেষ হয়েছে আবার কয়েকটি অর্ধেক কাজ করেই বন্ধ হয়ে গেছে। লকডাউন শেষ হলে এগুলোর কাজ আবার শুরু হবে।

আপনার অভিনীত ধারাবাহিক 'পরের মেয়ে' দীর্ঘদিন প্রচার হচ্ছে। এতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
এ নাটকে এক নারীর সংগ্রামী জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। এর কোনো ঘটনা অতিরঞ্জিত মনে হয়নি। অভিনয় করেও আনন্দ পেয়েছি। দর্শকেরও নাটকটি ভালো লাগছে বলেই বিশ্বাস।

বড় পর্দার কাজ নিয়ে কিছু ভেবেছেন?
সিনেমায় অভিনয়ের ইচ্ছা শুরু থেকে এখনও আছে। 'বেঙ্গলি বিউটি' সিনেমায় অভিনয়ের পর এখনও সেভাবে কিছু পরিকল্পনা করিনি। তবে ভালো কাজের সুযোগ পেলে অবশ্যই সিনেমায় অভিনয় করব।

'টয়া টিউব' চ্যানেল নিয়ে নতুন কী পরিকল্পনা করছেন?
ইউটিউব চ্যানেলে কিছু প্রফেশনাল কন্টেন্ট তুলে ধরার পরিকল্পনা করছি। শর্ট ফিল্ম ও নাটকও রাখার ইচ্ছা আছে। সেই সঙ্গে মজার কিছু ঘটনাও এই চ্যানেলে আপলোড করতে চাই।

আরও পড়ুন

×