ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

চলচ্চিত্র পুরস্কারের আবেদনের সময় বাড়ছে

চলচ্চিত্র পুরস্কারের আবেদনের সময় বাড়ছে
×

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ১২:০০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০৪:২৪

'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯'-এর জন্য ছবি জমা ও আবেদনের শেষ সময় ছিল ৫ এপ্রিল। করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সেন্সর বোর্ড বন্ধ থাকায় অনেকেই ছবি জমা দিতে পারেননি। এ কারণে তথ্য মন্ত্রণালয় আবেদনের মেয়াদ বাড়াচ্ছে। সেন্সর বোর্ডের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন খবরটি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতদিন পর্যন্ত এ সময় বাড়ানো হবে, তা এখনও ঠিক হয়নি।

তিনি বলেন, 'জুরি বোর্ডের সদস্যদের সঙ্গে অফিস খোলার পর মিটিং করব। তাদের সঙ্গে বসে নতুন তারিখ ঠিক করব।'

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ছবির ভালো ও উন্নতমানের প্রিন্ট ডিভিডি আকারে জমা দিতে হবে আগ্রহীদের নির্ধারিত আবেদনপত্রে। আবেদনপত্র সেন্সর বোর্ডের অফিস অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীসহ সব মিলিয়ে মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে।

পূর্ণদৈর্ঘ্য ছবির ক্ষেত্রে সেন্সর সনদপ্রাপ্ত হতে হবে এবং বিবেচ্য বছরে সিনেমা হলে চলতে হবে। স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রের জন্য সিনেমা হলে চলা বাধ্যতামূলক না হলেও সেন্সর ছাড়পত্র থাকতে হবে। কাহিনির ক্ষেত্রে দেশি বা বিদেশি লেখক-প্রকাশকের কপিরাইট বা অনুমতি নিয়ে নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে।

বিদেশি চলচ্চিত্রের কপিরাইট নিয়ে নির্মিত চলচ্চিত্র এবং রিমেক চলচ্চিত্রের কাহিনি পুরস্কারে বিবেচিত হবে না। কেবল বাংলাদেশি নাগরিকরা এ পুরস্কারের জন্য বিবেচিত হবেন। যৌথ প্রযোজনার চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে; তবে ওই ছবিতে কাজ করা বাংলাদেশিরাই শুধু বিবেচনায় আসবেন।

আরও পড়ুন

×