ঈদের ষষ্ঠদিন বিশেষ নাটক ‘আশা চর্চা কেন্দ্র’ !
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২০ | ০৯:৪৮ | আপডেট: ২৭ মে ২০২০ | ১০:২৫
গল্পটি মূলত হতাশা চর্চা কেন্দ্রকে ঘিরে। প্রথমে এর নামও ছিলো হতাশা চর্চা কেন্দ্র। একদল তরুণ যারা হতাশা চর্চা করে বেড়ায়। কিন্তু আড়ালে তারা আসলে হতাশার ক্ষতগুলোকে সাড়িয়ে তুলে বেঁচে থাকার গল্পই বলে।
এবারের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচার হতে যাচ্ছে নাটক ‘আশা চর্চা কেন্দ্র’ । যদিও নাটকটির পূর্বে নামছিলো হতাশা চর্চা কেন্দ্র। পরে বদলে এর নাম রাখা হয়েছে আশা চর্চা কেন্দ্র।
নাটকটির রচনা ও চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ মাহফুজ অভি এবং এটি যৌথভাবে পরিচালনা করেছেন বিশ্বজিত দত্ত ও আবদুল্লাহ মাহফুজ অভি। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, জোভান, সাল্লা খানম নাদিয়া, নাফিস বিন্দু, জাকি আহমদ জারিফ আবদুল্লাহ, রানা নাসির এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তানভির খান। ঈদের ষষ্ঠদিন বাংলাভিশনে বিকাল সাড়ে ৫টায় প্রচারিত হবে নাটকটি।
নাটকটির রচয়িতা ও নির্মাতা আবদুল্লাহ মাহফুজ অভি সমকালকে বলেন, ‘আমি যে সময়ে বাস করছি আমি সে সময়ের গল্পই বলেছি। এই গল্পটির প্রতিনিধিত্ব করেছে এই প্রজন্মের তরুণরাই যাদের ভেতর অস্থিরতা আছে, স্পর্ধা আছে, হতাশা আছে আবার আনপ্রেডিক্টেবল কিছু বিষয় আছে যা সহজে সব সময় প্রথাগত সূত্র-চিন্তা দিয়ে মাপা যায় না। ফলে এই জেনারেশনটা কখন কি করবে তা সব সময় অনুমান করা মুশকিল। যে হতাশার চর্চা করছে, হালকা মেজাজে গায়ে বাতাস লাগিয়ে ঘুরছে তারাই আবার হঠাৎ করে লড়াই নিয়ে সামনে হাজির হচ্ছে। গল্পটি ঠিক এরকমই। এখানে লড়াই আছে, হতাশা আছে আবার বেঁচে থাকার লাল টুকটুকে স্বপ্ন আছে।’
নির্বাহী প্রযোজক তামজিদ রহমান বলেন, ‘আমরা একদল তরুণ একদল তারুণ্যের গল্প বলেছি। এই নাটকটির সাথে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে। আমরা আসলে আমাদের কথাই এখানে তুলে ধরেছি।’