শুটিংয়ে অংশ নেয়ার ইচ্ছে নেই: ফারিণ
তাসনিয়া ফারিণ, ছবি :নাজমুল হোসাইন হিমেল
অনিন্দ্য মামুন
প্রকাশ: ০১ জুন ২০২০ | ২৩:২২ | আপডেট: ০১ জুন ২০২০ | ২৩:৩১
‘কাজের চেয়ে সুরক্ষা আগে। তাছাড়া যখন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে এক-দু’জন ছিলো তখনই আমরা শুটিং করিনি। এখন তো ২৪ ঘন্টায় তিন হাজারও আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে শুটিংয়ে অংশ নেয়া অসম্ভব। আমি আপাতত বাসার বাইরে বের হচ্ছিনা। তাই নিজের বাসার বাইরে শুটিংয়ে অংশও নেয়া হচ্ছেনা।’ বলছিলেন টিভি নাটকের এই সময়ের পরিচিত মুখ ফারিণ।
দুই মাসেরও বেশি সময় ধরে বাসায় গৃহবন্দি জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠা ফারিণ শুটিংয়ের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর শুটিংয়ে অংশ নিবেন কিনা জানতে চাইলে সমকাল অনলাইনকে কথাগুলো বলেন এই অভিনেত্রী।
এদিকে লকডাউনের সময়ের ঈদেও তার অভিনীত ডজন খানেক নাটক প্রচার হয়েছে বিভিন্ন চ্যানেলে। তবে নাটকগুলোর শুটিং আগেই হয়েছিলো বলে জানালেন এই অভিনেত্রী। করোনাকালে গৃহবন্দি হয়ে বাসা নিজের মতো করে সময় কাটাচ্ছেন। বই পড়ছেন, সিনেমা দেখছেন, নিজের অভিনয়ের বাইরে অন্যদের অভিনীত নাটকও দেখছেন নিয়মিত। শিখছেন রান্নাবান্নাও। তবে গৃহবন্দি সময়টাতে আরও একটি কাজ করছেন ফারিণ। সেটা হচ্ছে গল্প লেখা। এই সময়ে ফারিণ নিয়মিত গল্প লিখছেন বলেই জানালেন। সবই ছোট গল্প।

ফারিণ বলেন, ‘সময়টা কাজেই লাগাচ্ছি। প্রথমে ব্যোরিং লাগলেও নিজেদের ও পরিবারের কথা ভেবে বাসায় থাকতেই হবে। তবে বাসায় থেকে বেশ কয়েকটি ছোট গল্প লিখেছি। জানিনা কেমন হচ্ছে তবে আমি লেখার ট্রাই করছি।
করোনা ভাইরাস কারণে নিজের চেয়েও পরিবার নিয়ে বেশি চিন্তিত ফারিণ। বিশেষ করে বাবা-মায়েয়র নিরাপত্তা নিয়েই ভাবনা বেশি তার। তাই লকডাউন না থাকলেও বাইরে বের হতে চাচ্ছেন না তিনি। কারণ লকডাউন শিথিল হলেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তো দিনকে দিন বেড়েই চলছে। তাই নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে।- মন্তব্য ফারিণের।
ফারিণের বাবা সরকারি কর্মকর্তা, মা গৃহিণী। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে পড়ছেন ফারিণ। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়। পরিবারের বড় মেয়েটি এখন মায়ের জন্য বড় স্বপ্নের পেছনে ছুটছেন। একজন সুঅভিনেত্রী হিসেবে দর্শক মনে চিরস্থায়ী জায়গা করে নেওয়ার জন্যই তার এই স্বপ্নযাত্রা। তার এই যাত্রা শুরু হয়েছিল সাফায়েত মনসুর রানা পরিচালিত 'আমরা ফিরব কবে' নাটকের মাধ্যমে। নাটকটি ২০১৭ সালে প্রচার হয়। এর আগে ২০১৬ সাল থেকে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ শুরু করেন তিনি। তবে ফারিণের অভিনয় জীবনের মোড় ঘুরেছিল গত বছর ইউটিউবের জন্য নির্মিত একটি নাটক দিয়ে। এর নাম 'এক্স বয়ফ্রেন্ড'। কাজল আরেফিন এটি নির্মাণ করেছিলেন। একই সময়ে ইমরাউল রাফাতের 'ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার-২' নাটকটিও ইউটিউবে প্রকাশ পাওয়ায় ফারিণের বৃহস্পতি রীতিমতো তুঙ্গে উঠে যায়।