শুটিংয়ের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট
বাপ্পি চৌধুরী ও নবাগত উষ্ণ হক অভিনীত ‘সিক্রেট এজেন্ট’ ছবিটির শুটিং শেষ হলেও করোনার কারণে থেমে আছে ছবিটির প্যাসওয়ার্কের কাজ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৬:১৭ | আপডেট: ০৩ জুন ২০২০ | ০৬:১৮
গত মার্চের ১৯ তারিখ থেকে করোনা ভাইরাসের কারণে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির সকল সিনেমার শুটিং বন্ধ রয়েছে। সিনেমার সকল নায়ক-নায়িকা,খল অভিনেতা ও সকল কলাকুশলীরা বাসায়া গৃহবন্দি জীবন যাপন করছেন।
তবে বর্তমান দেশে লকডাউন কিছুটা সিথিল করায় প্রায় আড়াই মাস শেষে শুটিংয়ে ফেরার অনুমতি দেয়া হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক-পরিবেশক সমিতি সম্প্রতি শুটিংয়ে ফেরার এ সিদ্ধান্তের কথা জানায়।
বিষয়টি নিশ্চিত করে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদুল আলম খসরু বলেন, দরিদ্র কলাকুশলী ও চলচ্চিত্র শিল্পের কথা বিবেচনা করে আগামী ৫ জুন থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শুটিংয়ে অংশ নেয়ার আগে সবাইকে করোনা টেস্ট করতে হবে। শিগগিরই বিস্তারিত নীতিমালা সবার কাছে পৌঁছানো হবে।
যেহেতু ১৯ মার্চ থেকে সাংগঠনিকভাবে শুটিং বন্ধ রেখেছি, তাই আনুষ্ঠানিকভাবে ৫ জুন থেকে এটি তুলে নেয়া হচ্ছে। যোগ করে বলেন খসরু।
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, এটা কোনো নীতিমালা নয়, আবার উদ্বুদ্ধ করাও নয়। আমরা চাই যারাই শুটিং করুক না কেন, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে করেন।
মঙ্গলবার বিকালে প্রযোজক ও পরিবেশক সমিতির বিএফডিসির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে খসরু ছাড়া উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলমসহ অনেকে।