‘দর্শকরা একবারে বোল্ডভাবে আমাকে দেখতে পাবেন'
সালহা খানম নাদিয়া। ছবি: সংগৃহীত
এমদাদুল হক মিল্টন
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:১৪ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:১৭
নিজের কাজের পোস্টারের সামনে সিরিঞ্জ হাতে নেওয়া একটি ক্যান্ডি ছবিতে ‘আজ ৩টায় ইনজেকশন দেওয়ার টাইম’ ক্যাপশন লিখে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন সালহা খানম নাদিয়া। মুহূর্তেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী তাঁকে ভালোবাসাসূচক প্রশংসায় ভাসান। কারোরই বুঝতে বাকি নেই এটি ‘একটি খোলা জানালা’ সিনেমার প্রচারণার জন্যই নাদিয়া এমনটি লিখেছেন। হ্যাঁ, ‘একটি খোলা জানালা’ স্বল্পদৈর্ঘ্য দিয়ে আবারও ওটিটির দর্শকের সামনে এসেছেন নাদিয়া।
বছরজুড়ে ছোট পর্দার নাটক-টেলিছবিতে সরব উপস্থিতি থাকে নাদিয়ার। মাঝে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে ওটিটিতে আলো ছড়ান এই অভিনেত্রী। এবার ‘একটি খোলা জানালা’ স্বল্পদৈর্ঘ্যে নাদিয়া ধরা দিলেন একেবারে ভিন্নরূপে। এমন গেটআপে দর্শক তাঁকে আগে কখনোই দেখতে পাননি।
বেশ বিরতির পর চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ১৮ জুলাই এটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ছবিটি মুক্তি পিছিয়ে দেয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। অবশেষে গতকাল বিকেলে মুক্তি পেলো নাদিয়া অভিনীত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পের এ ছবিতে নার্সের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় রয়েছেন আরেক তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দু’জনের চরিত্রই নার্সের। গল্পে কেশবগঞ্জ নামের এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, বেছে বেছে কেন নার্সদের খুন করা হচ্ছে, কারা করছে? কেন করছে? কেশবগঞ্জ মানসিক হাসপাতালে কাজ করেন তারা। সে হাসপাতালকে ঘিরে গল্প।
নাদিয়া বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে নির্মাতা ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এর আগেও অভিনয় করেছি। তাঁর সঙ্গে কাজের রসায়নই অন্যরকম। এ তরুণ নির্মাতার নির্মাণ মানেই অসাধারণ কিছু। তাঁর অন্যান্য নাটক-সিরিজের মতো এই নির্মাণেও রয়েছে রহস্য-রোমাঞ্চের উপস্থিতি। আমার চরিত্রটি সম্পর্কে এর আগেই আঁচ করতে পেরেছেন দর্শক। চলচ্চিত্রে আমার চরিত্রটি একজন সেবিকার। চরিত্রটি নিয়ে বিস্তারিত আর বলতে চাই না। আমি চাই, দর্শক কাজটি পর্দায়ই দেখুক।

তিনি আরও বলেন, ‘‘সাইকো থ্রিলার ঘরানার গল্প আমার বরাবরই পছন্দের। অসাধারণ গল্পে একেবারে নতুন একটি চরিত্রে অভিনয় করেছি। গল্পটি দু’জন নার্সকে ঘিরে। একবারে বোল্ড অবতারে দর্শক আমাকে দেখতে পাবেন। এ কারণে বেশ চ্যালেঞ্জ নিতে হয়েছে। অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্যে এর শুটিং করেছি। কাজটি দেখে অনেকেই আমার অভিনীত চরিত্রের প্রশংসা করেছেন।’’
নতুন এ স্বল্পদৈর্ঘ্যটি ছাড়াও এই মুহূর্তে দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন নাদিয়া। পাশাপাশি কাজ করছেন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। হাতে রয়েছে শিব রাম শর্মা পরিচালিত কলকাতার সিনেমা ‘সুনেত্রা সুন্দরম’। শিগগিরই এর পুরো কাজ শেষ হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
- বিষয় :
- নাদিয়া নদী
