নতুন পরিচয়ে ছবি
ফারজানা ছবি
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪ | ১৫:১৬
বাংলাদেশ বেতারের সঙ্গে অভিনেত্রী ফারজানা ছবির সম্পর্কটা নতুন নয়। সময়-সুযোগ পেলেই তিনি বেতারের নাটকে অভিনয় করেন। এ ছাড়া গত বছর থেকে মাঝেমধ্যে অনুষ্ঠান ঘোষক হিসেবেও কাজ করেছেন। এবার নতুন পরিচয়ে হাজির হলেন এ অভিনেত্রী।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবে। গত শনিবার প্রথমবার বেতারে সংবাদ পড়লেন ফারজানা ছবি।
নতুন অধ্যায় প্রসঙ্গে ফারজানা ছবির ভাষ্য, ‘অভিনয়শিল্পী হিসেবে অনেক দিন ধরেই বেতারের সঙ্গে আছি। নাটকে অভিনয় করি, আবৃত্তি করি, মাঝে মধ্যে অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করি। এবার সংবাদ পাঠ শুরু করলাম। বিষয়টি আমার কাছে ভীষণ আনন্দের। কণ্ঠের পারফরম্যান্স সব সময় আমি উপভোগ করি। ছোটবেলা থেকেই উচ্চারণে খুব ভালো ছিলাম। এটি বেতারে এখন কাজে লাগছে।’

যোগ করে তিনি আরও বলেন, ‘এখন আমাদের নাটক-সিনেমায় প্রমিত ভাষার ব্যবহার একেবারে কমে গেছে। কিন্তু বেতারে শুদ্ধ বাংলাকে জোর দেওয়া হয়। আমার মনে হয়, বেতার আমার যোগ্যতাকে ত্বরান্বিত করতে সহায়ক হবে। এ ছাড়া আমার স্বামী তন্ময় সরকার ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে গত ২০ অক্টোবর কাজ শুরু করেছেন। সব মিলিয়ে আমাদের আনন্দের সময় কাটছে।’
অন্যদিকে, নিজের শোবিজ ক্যারিয়ারের জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছবি। তিনি বলেন, ‘কাজের মাঝে চোখ ফেরালেই স্টুডিওতে বসা তন্ময়ের প্রশান্ত মুখটা আমাকে দিচ্ছিল প্রশান্তি। আমার জীবনের যাত্রাপথকে যারা প্রতিমুহূর্তে উপভোগ্য করে তুলেছেন তাদের সবার কাছে আমি ঋণী।’
প্রসঙ্গত, গত জুলাইতে সংবাদ পাঠক হিসেবে বেতারে তালিকাভুক্ত হন ফারজানা ছবি। তবে দেশের বাইরে থাকায় কাজে যোগদান করতে পারেননি। শুক্রবার (১৮ অক্টোবর) থেকে শুরু হলো তাঁর এই নতুন যাত্রা।
- বিষয় :
- ফারজানা ছবি
