ঘরে বসে দেখা যাবে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’
‘দেয়ালের দেশ’ সিনেমার একটি দৃশ্যে শবনম বুবলী ও শরিফুল রাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ | ১৯:২১ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ | ১৯:৩৪
গত বছর মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে দর্শকদের ভিন্ন রকম অভিজ্ঞতা দিয়েছিল শবনম বুবলী এবং শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’। এটি নির্মাণ করেছেন মিশুক মনি। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। অর্থাৎ ঘরে বসে দেখা যাবে ‘দেয়ালের দেশ’।
মিস্ট্রি, রোমান্স ঘরানার সিনেমা ’দেয়ালের দেশ’। সিনেমায় নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনী। এ প্রেম সত্যি অন্যরকম, সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে।
আজ সন্ধ্যায় চরকি কর্তৃপক্ষ জানায়, ১৬ জুলাই রাত ১২ টা ১ মিনিট থেকে ঘরে বসে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।
সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন।

ওটিটিতে ‘দেয়ালের দেশ’ মুক্তি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশুক মনি বলেন, “আমার মনে হয়েছে ‘দেয়ালের দেশ’ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। সিনেমা রিলিজের পর থেকেই রোজদিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ ‘দেয়ালের দেশ’ দেখার আগ্রহ জানিয়েছে। খানিকটা দেরিতে ওটিটিতে মুক্তি পাচ্ছে তবুও এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসের সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশে–বিদেশের দর্শকরা এখন সহজেই সিনেমাটি দেখতে পারবেন।”
২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেয়ালের দেশ’। সেসময় সিনেমাটির গল্প, অভিনয়, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেন দর্শক–সমালোচকেরা।
সিনেমাটির সংবাদ সম্মেলনে বুবলী জানিয়েছিলেন, সিনেমাটির গল্প পড়েই তার ভীষণ ভালো লাগে। অভিনয়শিল্পীরা প্রায়ই তাদের কাজকে ভিন্ন বলেন কিন্তু ‘দেয়ালের দেশ’ আসলেই ভিন্ন আঙ্গিকের কাজ। তার জীবনের মাইলফলক হিসেবে থাকবে।
২০২১ সালে সিনেমাটি পায় সরকারি অনুদান। ‘দেয়ালের দেশ’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি।
- বিষয় :
- শরিফুল রাজ
- শবনম বুবলী
- ওটিটি প্লাটফর্ম
