কলকাতায় দেব-কোয়েলের পর ঢাকায় মোশাররফ করিম ও সাফা!
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ১৩:৩৯ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ১৪:০১
কলকাতার নায়ক দেব ও কোয়েল মল্লিক জুটির একটি সিনেমার নাম ছিল ‘পাগলু’। রাজি কুমার বিশ্বাস পরিচালিত ২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি দারুণভাবে ব্যবসা সফল হয়। সেই পাগলু নামেই এবার ঢাকাতে নির্মিত হলো নাটক! সেজান নূরের রচনায় নাটকটি পরিলনা করেছেন সালমান রহমান খান।
নাটকটির মাধ্যমে অভিনয়শিল্পী মোশাররফ করিম ও সাফা কবির আবারও জুটি হয়ে আসছেন নতুন নাটকে। এর আগে তপু খানের পরিচালনায় ‘দিল ডান কালাচাঁন’, মো. তৌফিকুল ইসলামের ‘মেয়েটি কথা রেখেছিল’সহ একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। সম্প্রতি পূবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে।
‘পাগলু’র [মোশাররফ করিম] বয়স বিয়ের উপযুক্ত হলেও পছন্দের মেয়ে না পাওয়ায় বিয়ে হচ্ছে না তাঁর। বাবা মারা যাওয়ার আগে অনেক সম্পত্তি রেখে গেছেন, যা দিয়ে পাগলু গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ান শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করেন। চাকরি না করলেও গ্রামের মানুষের কাছে তিনি একজন সমাজসেবক হিসেবে পরিচিত। এমন সময় পাশের গ্রামে নতুন শিক্ষিকা মায়া [সাফা কবির] আসেন। তাঁকে দেখেই মুগ্ধ হয়ে পাগলু বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মায়ার পরিবার বেকার ছেলের প্রস্তাব ফিরিয়ে দেয়। মায়া পাগলুকে সুযোগ দেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এরপর পাগলু গ্রামে কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং বহু তরুণকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। নিজেই একটি নৈশ স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে শিক্ষক হিসেবে যোগ দেন মায়া। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।
নাটকটি নিয়ে সাফা কবির বলেন, ‘গল্পটি দারুণ। যদিও এটি কমেডি ধাঁচের, তবে এর ভেতরে সামাজিক বার্তাও আছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। আশা করছি, এই নাটকেও আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে।’ মোশাররফ করিম ও সাফা কবির ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজী প্রমুখ।
- বিষয় :
- নতুন সিনেমা
- নতুন নাটক
- মোশাররফ করিম
- সাফা কবির
