ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যেটা বলেছিলাম, ঠিক সেটাই করছি: আফরান নিশো

যেটা বলেছিলাম, ঠিক সেটাই করছি: আফরান নিশো
×

আফরান নিশো

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ২১:৩০ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ | ২১:৪১

‘নাটকে দীর্ঘ সময় কাজ করে হাপিয়ে উঠেছিলাম। পরে ভাবলাম একটু সময় নিয়ে কাজ করি। এরপর ওটিটিতে কাজ করলাম। ওটিটিতে কাজ কমিয়ে সিনেমার প্রমাণের চেষ্টা করলাম। ঠিক তখনই একটা প্রশ্ন আসে- আমি কি নাটক-ওটিটিতে কাজ করা ছেড়ে দিলাম? আমি সব সময় বলি, একজন অভিনেতার কোনো প্ল্যাটফর্ম হয় না। আমি কিন্তু আবার ওটিটিতে এসেছি। একটা ভালো গল্প ও একটা প্রডাকশনের সঙ্গে আমি সব সময় থাকতে চেয়েছি। ঠিক সেটাই করছি। অর্থাৎ যেটা বলেছিলাম সেটাই করেছি।’

নিজের নতুন সিরিজ ‘আকা’ মুক্তি উপলক্ষে আজ বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন অভিনেতা আফরান নিশো। সেখানেই ঘোষণা করা হয়- আসছে ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে এটি মুক্তি পাবে সিরিজটি।

আফরান নিশো ছাড়াও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, নিমার্তা ভিকি জাহিদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, এ কে আজাদ সেতু, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন।


 ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশ্র আবহে নির্মিত সিরিজটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’ ও সাম্প্রতিক ব্লকবাস্টার ‘তুফান’-এর মাধ্যমে আলোচিত এ অভিনেত্রী এবার নতুন এক রূপে হাজির হতে যাচ্ছেন ‘আকা’য়। ফলে দর্শক নিশো-নাবিলা জুটির নতুন কেমিস্ট্রিও দেখতে পাবেন এ সিরিজে।

পরিচালক ভিকি জাহেদের নিজস্ব স্টাইল, মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর চরিত্র নির্মাণের দক্ষতা আবারও নতুন এক উচ্চতায় পৌঁছেছে ‘আকা’র মধ্য দিয়ে।

এই সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে আমি আসলে দর্শকদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব। আর নিশো ভাইয়ের সঙ্গে এর আগে আমি অনেক কাজ করেছি, তবে এই প্রথম কোনো সিরিজে আমরা এক সঙ্গে কাজ করছি। উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল।’

আকার মধ্য দিয়ে সিরিজে অভিষেক হতে যাচ্ছে মাসুমা রহমান নাবিলার। হইচই-এর একদম প্রথম দিকের একটা কনটেন্টে তাঁকে কিছুক্ষণ দেখা গেলেও এবার সিরিজে খুব গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

নাবিলা বলেন, ‘ভিকি জাহিদের কথা শুনেই আমি এ সিরিজের অভিনয়ের জন্য রাজি হয়েছি। কারণ, তাঁর সঙ্গে কাজের ইচ্ছে আমার অনেক দিনের। তাঁর কাজে আলাদা একটা বিষয় থাকে। এছাড়া নিশো ভাই তো আছেনই। এ সিরিজটির গল্প দারুণ। আমার চরিত্রের মধ্যে কয়েকটা লেয়ার আছে। আশা করি সবার ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমি সত্যিই আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবে।’

এদিকে চলতি সপ্তাহের শুরুতে  প্রকাশ হয়েছে সিরিজটির দ্বিতীয় পোস্টার, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টারটি ফেসবুকে শেয়ার করে ভিকি জাহেদ লিখেছেন, ‘অসহায় তাড়িয়ে বেড়াও/ কাছে টানো হিংস্র শ্বাপদ/ ভাবছো যেটা বীরের প্রতীক/ আসলে সে মস্ত আপদ!

পোস্টারে আফরান নিশোকে দেখা গেছে দুটি বিপরীতধর্মী চরিত্রে। একদিকে ভয়ংকর-অ্যাকশনমুখী এক যোদ্ধা, অন্যদিকে একেবারে সাদামাটা এক যুবক। দুই চেহারার এ বৈপরীত্য দর্শকের মনে কৌতূহল জাগাচ্ছে। বোঝা যাচ্ছে, আকায় থাকছে চমকপ্রদ বাঁক বদল।

সিরিজটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, তাজজি হাসান।

আরও পড়ুন

×