পুরো প্রজন্মের কাছে স্টাইলের আদর্শ হওয়া সহজ কথা নয়: সিয়াম
সালমান শাহ ও সিয়াম আহমেদ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:০১ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ২০:২২
ঢাকাই সিনেমার আকাশে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। মাত্র সাড়ে তিন বছরের কর্মজীবনেই তিনি জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয়। রহস্যময় মৃত্যুর ২৯ বছর পরও তিনি অমর হয়ে স্মৃতিতে বেঁচে আছেন। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে এই প্রজন্মের জনপ্রিয় নায়ক ফিরে গেলেন সালমান শাহর স্মৃতিতে।
তিনি সমকালকে বলেন, ‘আমাদের পুরো প্রজন্মটাই সালমান শাহর অভিনয়ে বুঁদ হয়েছিলেন। সালমান মানেই অন্য রকম ব্যাপার– স্টাইল, অভিনয়ের ধরন, জীবনযাপন আমাকে প্রভাবিত করেছিল। আমার প্রথম সিনেমায় যখন তাঁকে ট্রিবিউট জানানোর সুযোগ এলো, তখন আর দেরি করিনি। এমন একজন নায়কের প্রতি শ্রদ্ধা জানানোর এটাই সবচেয়ে ভালো সূচনা ছিল। এখন নিয়মিত সিনেমার শুরুর পরে উপলব্ধি করি, স্টাইল লুক, অন্যান্য গেটআপ একটি চরিত্রের জন্য কত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে চরিত্রে বৈচিত্র্য আনা কত কঠিন।’
সিয়ামের ক্যারিয়ারগ্রাফে অন্যতম সেরা সিনেমা ‘পোড়ামন-২’। এই সিনেমার একজন সালমান ভক্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রের মাঝেও খুঁজতে হয়েছিল সালমানকে।
সিয়াম বলেন, “পোড়ামন-২’ সিনেমার শুটিংয়ের যখন চেষ্টা করছিলাম সালমান শাহর মতো লুকে সাজতে, তখন বেশি সালমানকে অনুধাবন করতে পেরেছি। অথচ সালমান শাহ প্রতিটি ছবিতে ব্যতিক্রমী স্টাইলে হাজির হতেন। তাঁর অভিনয়ে তো আমরা বুঁদ হয়ে থাকতাম।’
সিয়ামের কথায়, ‘অভিনয় ছাড়াও একটা পুরো প্রজন্মের কাছে স্টাইলের জন্য আদর্শ হওয়া সহজ কথা নয়। একজন তারকাকে ফলো করে তাঁর মতো চশমা পরা, জিন্স পরা, শার্ট পরা এমন ভক্ত কতজন তারকার ভাগ্যে জোটে? আমরা এগুলো করেছি।”
- বিষয় :
- সিয়াম আহমেদ
- সালমান শাহ
- সালমান শাহ হত্যা
