সাক্ষাৎকার
পথে পথে সিনেমার গান গেয়েছি: আনান সিদ্দিকা
আনান সিদ্দিকা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:১৪ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:২৩
সংগীতশিল্পী ও অভিনেত্রী আনান সিদ্দিকা। চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। নতুন সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে এ অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন।
সিনেমায় অভিষেক হলো। কেমন লাগছে?
আমি আবেগে আপ্লুত। অবিশ্বাস্য লাগছে। অনেকে বড় হয়ে সিনেমায় অভিনয় করার কথা ভাবেন। এটি আমি কখনও ভাবিনি। আমি একজন মিউজিশিয়ান ও নৃত্যশিল্পী। থিয়েটারে কাজ করেছি। কিছু জিনিস মানুষের পূর্ব নির্ধারিত থাকে। আমার কাছে ‘বাড়ির নাম শাহানা’য় অভিনয় করা সেই রকম কিছু।
দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন নিশ্চয়ই–
সিনেমা মুক্তির পর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স, সনি সিনেমা হলসহ বেশ কয়েকটি হলে গিয়েছিলাম। সেখানকার দর্শকের আনন্দ-উচ্ছ্বাস আমাকে অন্য রকম ভালোলাগা দিয়েছে। সিনেমার প্রমোশনের জন্য ঢাকার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ ভবনের সামনে হঠাৎ করে উপস্থিত হয়েছিলাম। বাস্কিং করেছি। এটি আমাদের দেশে নতুন। পথে পথে সিনেমার গান গেয়েছি। সবাই বোঝার আগে গায়েব হয়ে গেছি। সবাই বিষয়টি বেশ উপভোগ করেছেন। সব শ্রেণির মানুষের কাছ থেকে বেশ সাড়া মিলেছে। সৃজনশীলভাবে সবার কাছে পৌঁছতে চেয়েছি। সফল হয়েছি।
অভিনয়ের পাশাপাশি সিনেমার চিত্রনাট্য করেছেন আপনি। অভিনয়ে প্রস্তাব পেলেন কীভাবে?
সিনেমার নির্মাতা লিসা গাজী ও আমি দুই দশক একসঙ্গে কাজ করছি। দুজন থিয়েটার করছি, নাচ করছি, নানা ধরনের অ্যাক্টিভিটিস করছি। ও আমাকে খুব ভালো বোঝে, চেনে। যখন চিত্রনাট্যটি প্রায় গুছিয়ে এনেছি, তখন লিসা বলল– দীপা চরিত্রটায় আমি তোকে দেখতে পাই। আমাদের এক আড্ডায় লিসা বলল, ‘দীপা’ চরিত্রটি তুই করলে ভালো হবে। তোকে এই চরিত্রটিতে দেখতে পাই। প্রস্তাব পাওয়ার পর এটি লুফে নিয়েছি। চরিত্রটিতে অভিনয় করা আমার জন্য বড় একটি সুযোগ ছিল। নানা আলোচনা-পর্যালোচনা শেষে দীপা চরিত্রে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।

কী কারণে দর্শক সিনেমাটি দেখছেন বলে মনে করছেন?
সিনেমার গল্প এক নারীকে ঘিরে। এই চরিত্র আমাদের দেখা বহু মানুষের নানা বাস্তবতার প্রতিচ্ছবি। যেমন তার বিয়েবিচ্ছেদের ঘটনা আমাদের পরিচিত একজনের জীবন থেকে নেওয়া। চরিত্রগুলোর অনেকের সংলাপ আমাদের চেনা মানুষের কাছ থেকে নেওয়া। সব মিলিয়ে বলতে পারেন, দর্শক সিনেমায় এ দেশের চেনাজানা গল্প খুঁজে পেয়েছেন। অনেকের জীবনের সঙ্গেও এটি মিলে যাবে। এ কারণে দর্শক সিনেমাটি দেখছেন বলে মনে করছি।
আনান থেকে দীপা হয়ে উঠার জার্নি কেমন ছিল?
আমার অন্তরের ভেতরে কোথাও মনে হয় দীপা বাস করত। আমাদের নানাবাড়ি গাজীপুরের কালিয়াকৈরে। তাদের অবাধ যাতায়াত ছিল। মা-খালা আর নানাবাড়ির আশপাশের মানুষ এই চরিত্রের মডেল। তাদের জীবনসংগ্রাম, চলন-বলন এমনকি সংলাপে যে আঞ্চলিকতা, সেটাও আমার নানাবাড়ির অঞ্চলের। শুটিংয়ের প্রতিমুহূর্তে মনে হয়েছে, আমি তো আমার মা-খালার দিনযাপন করছি। আর সংলাপগুলোও সেভাবে লেখা হয়েছে। সব মিলিয়ে দীপা চরিত্রটি আমি জীবন থেকে ধারণ করেছি।
নতুন সিনেমায় অভিনয় নিয়ে কী ভাবছেন?
আমি ও লিসা ‘শাস্তি’ নামে একটি ফিচার ফিল্মের চিত্রনাট্য লিখছি। আমাদের সঙ্গে সাদিয়া খালেদপ্রীতিও কাজ করছেন। তিন মিলেই পুরো কাজটি করছি। কাজ প্রায় শেষের দিকে। আগামী জানুয়ারিতে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করব।
গান নিয়ে নতুন কোন পরিকল্পনা আছে?
ক্যারিয়ারে অনেক কিছুর সঙ্গে যুক্ত। কিন্তু আমি মিউজিশিয়ান পরিচয়টিকে বড় করে দেখি। ব্যক্তিগত ব্যস্ততায় গান থেকে বিরতি নিতে হয়েছে। আবার গানে নিয়মিত হচ্ছি। একটি মৌলিক গান ও রবীন্দ্রনাথের ‘কৃষ্ণকলি তারে আমি বলি’ গানটি করার ইচ্ছা রয়েছে। এ বছরই এগুলো প্রকাশ করব। পাশাপাশি স্টেজ শো করারও ইচ্ছা রয়েছে।
- বিষয় :
- সিনেমা
- সিনেমা মুক্তি
