ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুরেশ দত্তের সঙ্গে আমার জীবন জড়িয়ে আছে: আবুল হায়াত

সুরেশ দত্তের সঙ্গে আমার জীবন জড়িয়ে আছে: আবুল হায়াত
×

আবুল হায়াত। ছব: ফেসবুক থেকে সংগৃহীত

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ১৩:৩২ | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ | ১৪:০৭

পথিকৃৎ রূপসজ্জা শিল্পী বঙ্গজিৎ দত্তের প্রয়াণদিবস উপলক্ষে আজ ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও হলে অনুষ্ঠিত হবে সম্মাননা প্রদান ও নাটকের মঞ্চায়ন। 

এবারের ‘সুরেশ দত্ত সম্মাননা’ পাচ্ছেন নন্দিত অভিনয়শিল্পী আবুল হায়াত। এ সম্মাননা প্রদান করা হয় সেই অভিনেতা-অভিনেত্রীকে, যিনি তিন প্রজন্মের রূপসজ্জা শিল্পীর হাত থেকে মেকআপ নিয়েছেন। সেই সূত্রে এবারের সম্মাননা পাচ্ছেন গুণী অভিনয়শিল্পী আবুল হায়াত।’

আবুল হায়াত বলেন, ‘যে কোনো সম্মাননা পেতে ভালোই লাগে। কাজের আনন্দ বাড়িয়ে দেয়। এটি আমার কাছে একটি বিশেষ সম্মাননা। সুরেশ দত্তের জীবনের সঙ্গে আমার জীবন জড়িয়ে আছে। অভিনয় জীবনে অনেক মেকআপ নিয়েছি তাঁর হাতে। পরবর্তীকালে বঙ্গজিৎ দত্ত এবং বর্তমান প্রজন্মের শুভাশীষ দত্তের হাতে নিয়েছি মেকআপ। এটি আমার কাছে একটি লিজেন্ডারি ব্যাপার। আয়োজকদের বদান্যতা তারা আমাকে সম্মাননা দিচ্ছেন।’ 

অপরদিকে ‘বঙ্গজিৎ দত্ত সম্মাননা’ প্রদান করা হবে তিন শতাধিক চলচ্চিত্রে কাজ করা রূপসজ্জাশিল্পী সামসুল ইসলাম সামসুকে।

বঙ্গজিৎ দত্ত প্রয়াণদিবস উদযাপন পার্ষদের আহ্বায়ক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, “নাট্যজগতের প্রতি বঙ্গজিৎ দত্তের অবদানকে স্মরণীয় রাখতে গত এক দশক ধরে হচ্ছে রূপসজ্জা কর্মশালা, গুণীজন সম্মাননা, স্মৃতিচারণ ও নাটক মঞ্চায়ন, সনদ প্রদান, ‘সুরেশ দত্ত সম্মাননা’ ও ‘বঙ্গজিৎ দত্ত সম্মাননা’। বরেণ্য শিল্পী আবুল হায়াত ও রূপসজ্জাশিল্পী সামসুল ইসলাম সামসুকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। আজকে মঞ্চে গুণী শিল্পীদ্বয় পুরস্কার গ্রহণ করবেন’। সবার অংশগ্রহণে আয়োজনটি সফল হবে।”

অনুষ্ঠানে সমাপনী আয়োজন হিসেবে মঞ্চস্থ হবে নাটক ‘উত্তরণ’। অপূর্ব কুমার কুন্ডু রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। এটি বিবেকানন্দ থিয়েটার প্রযোজিত নাটকের ৩৭তম প্রদর্শনী। প্রকৃত পথপ্রদর্শকের সংস্পর্শে একজন পথভ্রষ্ট মানুষের সঠিক পথে ফেরার কাহিনি নিয়ে রচিত ‘উত্তরণ’ মানুষের অন্তরজাগরণের ও উত্তরণের গল্প বলে। এমনটিই জানিয়েছেন নির্দেশক।

প্রসঙ্গত, রূপসজ্জাশিল্পী সুরেশ দত্তের যোগ্য উত্তরাধিকারী বঙ্গজিৎ দত্ত ছিলেন স্বাধীন বাংলাদেশের নাট্যচর্চার এক অনন্য নাম। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এই শিল্পী ছিলেন একজন হোমিও চিকিৎসক, নাট্যকার ও মঞ্চনির্মাতা। ১৮টি নাটকের নাট্যকার বঙ্গজিৎ দত্তের দুটি নাটক নিয়মিতভাবে মঞ্চায়িত হয়েছে। তিনি ‘মেঘদূত নাট্যগোষ্ঠী’-এর প্রতিষ্ঠাতা হলেও রূপসজ্জা শিল্পে নিজেকে নিবেদিত করেছিলেন সম্পূর্ণভাবে।

আরও পড়ুন

×