ওটিটি সিনেমায় ইয়াশ-তটিনী, জানানো হল মুক্তির তারিখ
ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। ছবি: চরকির সৌজন্যে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ১৫:৫০ | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ | ১৬:২১
ড্রামা, থ্রিলার, রোমান্টিক গল্পে বিরতিহীনভাবে কনটেন্ট বানাচ্ছেন নির্মাতা শিহাব শাহীন। প্রেক্ষাগৃহের সিনেমার পর আবারও তিনি ফিরছেন সিনেমা নিয়ে, তবে সেটা ওটিটির জন্য। সিনেমার নাম ‘তোমার জন্য মন’। এতে অভিনয় করছেন সময়ে জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।
মোশন পোস্টার, ট্রেলার প্রকাশ করে আজ জানানো হয়, আগামী ৬ নভেম্বর চরকিতে ‘তোমার জন্য মন’ সিনেমাটি মুক্তি পাবে।
নির্মাতা জানান, তিনি যে রকম গল্প বলতে চেয়েছেন সেখানে এমন একটা জুটি প্রয়োজন ছিল যাদের মধ্যে কাজ নিয়ে ও কাজের বাইরে একরকম বোঝাপড়া আছে। তেমন অনস্ক্রিন জুটি খুঁজতে গিয়ে তিনি নির্বাচন করেছেন ইয়াশ রোহান ও তটিনীকে। ‘তোমার জন্য মন’ মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের সম্পর্কের গল্প। এটা একটা ফিল গুড রোমান্টিক গল্পের কনটেন্ট।
তটিনী বলেন, ‘গল্পটা অর্ধেকের মতো শোনার পর আমি যেমনটা ধারণা করছিলাম সেরকম হয়নি বরং এমন একটা কিছু হলো যেটা অপ্রত্যাশিত। এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে কাজটি করার জন্য। আমি শিহাব ভাইকে সঙ্গে সঙ্গেই জানাই যে আমি কাজটি করতে চাই।’

তানজিম সাইয়ারা তটিনী, শিহাব শাহীন ও ইয়াশ রোহান। ছবি: চরকির সৌজন্যে
এ সিনেমায় প্রভাবশালী পরিবারের ছেলে রওনক চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এটা এমন একটি চরিত্র যে তার নিজের পরিচয় বা কর্মে এগিয়ে যেতে চায়।
ইয়াশ বলেন, ‘শিহাব শাহীন ভাই স্ক্রিপ্ট দেওয়ার আগে আমার সিডিউল আছে কিনা জানতে চেয়েছিলেন। কিন্তু আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম এবং ডেটসও ছিল না। তারপরও বললাম স্ক্রিপ্ট পাঠাতে এবং সেটা পড়ার পর আমার মনে হলো কাজটা করা দরকার। অন্য যে কাজগুলো ছিল, তাদের সঙ্গে কথা বলে, ম্যানেজ করে ডেটস বের করে শিহাব শাহীন ভাইয়ের কাজটা করলাম।’
শিহাব শাহীন বলেন, “তোমার জন্য মন’–এর শুটিং হয়েছে যশোরে। নতুন একটা লোকেশন, নতুন ইমেজ পাওয়া যাবে। তবে এমন না যে চরিত্রগুলো যশোরের ভাষায় কথা বলবে। নতুন কিছু করার জন্যই আমাদের এ চেষ্টা। কক্সবাজারেও হয়েছে কিছু দৃশ্যের চিত্রায়ণ।’
চরকির অরিজিনাল ফিল্ম ‘তোমার জন্য মন’-এ ইয়াশ-তটিনী ছাড়াও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলুসহ অনেকে।
- বিষয় :
- তানজিম সাইয়ারা তটিনী
- ইয়াশ রোহান
