ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইনজীবীর ভূমিকায় নুসরাত ফারিয়া

আইনজীবীর ভূমিকায় নুসরাত ফারিয়া
×

নুসরাত ফারিয়া। ছবি: আইসটুডে।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ১৩:৫৩ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ | ১৫:০৯

ঢাকা ও কলকাতা– দুই ইন্ডাস্ট্রিতেই বেশ পরিচিত মুখ নুসরাত ফারিয়া। অভিনয়, গ্ল্যামার, উপস্থাপনা কিংবা আইটেম গানে নাচ– সব ক্ষেত্রেই তিনি দর্শকের মন জয় করেছেন। পর্দার বাইরে সামাজিক মাধ্যমেও তিনি নিয়মিত সরব। নিজের ভাবনা ও মতামত শেয়ার করেন খোলামেলাভাবে।

নতুন সিনেমা
বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন এই জনপ্রিয় তারকা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’ নামের সিনেমা। এটি পরিচালনা করছেন রায়হান খান। নারী ও শিশু নির্যাতন, ২০০১ আইনের একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত কোর্টরুম ড্রামা ঘরানার এই ছবির গল্পে ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের সূক্ষ্ম টানাপোড়েন তুলে ধরা হয়েছে। ফারিয়া এতে অভিনয় করছেন এক তরুণ ব্যারিস্টারের ভূমিকায়, যিনি সত্যের পক্ষে দাঁড়িয়ে লড়বেন অন্যায়ের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমি যখন প্রথম গল্পটি পড়ি, তখনই বুঝেছিলাম এটি আমার করা প্রয়োজন। চরিত্রটির আবেগ, দায়িত্ববোধ ও দৃঢ়তা আমাকে নাড়িয়ে দিয়েছে। এমন শক্তিশালী নারী চরিত্রে কাজ করা একজন অভিনেত্রীর জন্য বড় সুযোগ। আমি চাই দর্শকরা আমাকে এই চরিত্রে নতুনভাবে দেখুক।’

তিনি আরও যোগ করেন, ‘আমি সবসময় এমন কাজ করতে চাই, যা শুধু বিনোদন নয়, ভাবনার খোরাক জোগায়। ট্রাইব্যুনাল সেই ধরনেরই একটি গল্প।’ চট্টগ্রামে শুরু হওয়া শুটিং চলবে আরও কয়েক সপ্তাহ। এরপর দৃশ্য ধারণ হবে ঢাকায় ও এফডিসিতে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সাবেরি আলম। আগামী ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে জোরেশোরে।

ফিরছেন নতুন গান নিয়ে 

অভিনয়ের পাশাপাশি সংগীতেও বেশ সক্রিয় নুসরাত ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একাধিক গান প্রকাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিন্নধর্মী কণ্ঠ হিসেবে। সম্প্রতি তিনি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গান রেকর্ড করেছেন। ফারিয়া জানান, ‘একটি ভালো মিউজিক ভিডিও তৈরি করা সময়সাপেক্ষ। আমি শুধু গান প্রকাশে বিশ্বাসী নই, আমি চাই প্রতিটি গান গল্প বলুক, দৃশ্যমানভাবে মানুষকে অনুপ্রাণিত করুক।’ তাঁর হাতে এখন একাধিক গান প্রকাশের অপেক্ষায়, যেগুলোর প্রতিটিই শ্রোতাদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলে জানিয়েছেন তিনি।

স্টেজে নিয়মিত  

দেশের পাশাপাশি বিদেশের মঞ্চেও ব্যস্ত নুসরাত ফারিয়া। গত মাসে কানাডায় একটি স্টেজ শোতে অংশ নিয়েছেন, যেখানে তাঁর প্রাণবন্ত পারফরম্যান্সে মুগ্ধ হন প্রবাসী দর্শকরা। নভেম্বরে আরও একটি আন্তর্জাতিক সফরে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি বলেন, ‘স্টেজ পারফরম্যান্স আমার কাছে সরাসরি শক্তি পাওয়ার জায়গা। দর্শকদের ভালোবাসা দেখলে বুঝি কেন এই কাজটা করি।’

কলকাতা সফরনামা

‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকেই ঢালিউড ও টলিউডে সমানভাবে কাজ করেছেন নুসরাত ফারিয়া। সাম্প্রতিক সময়ে কিছু প্রশাসনিক জটিলতার কারণে কলকাতায় কাজের বিরতি এলেও তিনি আবার সেদিকে ফিরতে চান। ‘আমি চাই এমন কিছু শিল্পীর সঙ্গে কাজ করতে, যাদের গান বা অভিনয় দেখে আমি বড় হয়েছি। ভারতীয় দর্শকদের সঙ্গেও আবার দেখা হবে– এই আশাতেই আছি,’ বলেন ফারিয়া।

সব মিলিয়ে নতুন যাত্রা

নতুন সিনেমা, নতুন গান ও আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতি– সব মিলিয়ে ফারিয়া শুরু করছেন ক্যারিয়ারের এক নতুন অধ্যায়। তাঁর ভাষায়, ‘আমি এখন এমন কিছু করতে চাই, যা আমাকে একজন সম্পূর্ণ পারফরমার হিসেবে সংজ্ঞায়িত করবে। আমি বিশ্বাস করি, শিল্পী হিসেবে উন্নতি মানে শুধু কাজের পরিমাণ নয়, মানের গভীরতাও। তাই প্রতিটি প্রজেক্টে আমি আরও যত্ন নিচ্ছি। আশা করি, দর্শকরা আমার এই নতুন যাত্রায় সঙ্গে থাকবেন।’ 
 

আরও পড়ুন

×