ছবি প্রকাশ করে সন্তানের নাম জানালেন পরিণীতি-রাঘব
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। ছবি: ইনস্টাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ১৬:৩৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ | ১৬:৪০
গত ২০ অক্টোবর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডার ঘরে এসেছে প্রথম সন্তান। একমাস সন্তানকে প্রকাশ্যে আনেননি এই দম্পতি। অবশেষে তাদের সদ্যোজাত পুত্রসন্তানকে প্রকাশ্যে এনে নাম জানালেন তারা।
আজ পরিণীতি ও রাঘব ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে নবজাতকের প্রথম ঝলক প্রকাশ করেন। একইসঙ্গে জানান, তাদের সন্তানের নাম রাখা হয়েছে নীর।
তারা লেখেন, ‘জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’ শুদ্ধ, পবিত্র, অনন্ত।’
ছবিতে দেখা যায়, ছোট্ট নীরের মুখ জনসমক্ষে না এনে শুধু তার দুটি ছোট্ট পা দেখানো হয়েছে। এক ছবিতে পরম স্নেহে সেই পায়ে মা-বাবা চুমু এঁকে দিচ্ছেন, অন্য ছবিতে তাকে দু'হাত দিয়ে আগলে রেখেছেন। সন্তানের প্রতি তাঁদের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ঘটেছে এই ছবিতে।
নাম ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তার ঢল নামে। অভিনেত্রী গওহর খান মন্তব্য করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। হবু মা ভারতী সিংও ভালোবাসা পাঠিয়েছেন। ভক্তরাও 'নীর' নামটি সুন্দর এবং অর্থবহ বলে প্রশংসা করেছেন।
গত ২০ অক্টোবর এই দম্পতির কোলে আসে প্রথম সন্তান। সেসময় ইনস্টাগ্রামে সুখবর জানিয়ে তারা বলেন, ‘অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরের ছিলাম, আর এখন আমাদের দু'জনের সবকিছুই আছে।’
- বিষয় :
- পরিণীতি চোপড়া