মিউজিশিয়ান্স ফাউন্ডেশনের সভাপতি হাকিম, সাধারণ সম্পাদক বাবু
বিএমএফের নিজস্ব কার্যালয়ে নতুন কমিটি গঠন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ২১:১৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ২১:১৭
গাজী আব্দুল হাকিমকে সভাপতি ও মো. সাহাবুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে যন্ত্রসংগীত শিল্পীদের জাতীয় সংগঠন বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশনের (বিএমএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর মগবাজারে বিএমএফের নিজস্ব কার্যালয়ে নির্বাচন শেষে ১৪ সদস্যের নতুন কমিটি ঘোষিত হয়।
প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সুমন রেজাকে সদস্য সচিব করে গঠিত নির্বাচন পরিচালনা পর্ষদ এই নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচিত অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি আজমীর বাবু, সহ-সাধারণ সম্পাদক শেখ ফয়েজ পুলক, সাংগঠনিক সম্পাদক পল্লব সান্যাল, সমাজকল্যাণ সম্পাদক আশীষ কুমার দাস, প্রচার সম্পাদক মো. রাজু, অর্থ সম্পাদক সুশান্ত কুমার ঘোষ রতন, দপ্তর সম্পাদক ফিলিপস্ দত্ত, তথ্যপ্রযুক্তি সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মেহেদী হাসান এবং নির্বাহী সদস্য এনামুল হক ওমর, তাপস কুমার দাস ও সুমন চন্দ্র দাস।
