‘মুক্তিযুদ্ধের সিনেমা শক্তিশালীভাবে খুব কমই হয়েছে’
মেজবাউর রহমান সুমন।
মেজবাউর রহমান সুমন
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৫:৪৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৫:৫৩
মুক্তিযুদ্ধের সিনেমা নিয়ে ভাবলে আমার মনে হয় শক্তিশালী কাজ খুব কমই হয়েছে। মুক্তিযুদ্ধের মতো বিশাল প্রেক্ষাপটকে ধারণ করতে হলে সময় লাগে, ধৈর্য লাগে। এখনই সেই সময়, এখনই মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণের সঠিক মুহূর্ত। একটি ঘটনাকে যখন ‘থার্ড আই’ থেকে দেখা হয় দূরত্ব রেখে, নিরপেক্ষভাবে, তখনই ইতিহাসের আসল নির্যাস বেরিয়ে আসে, তখনই গল্পটা সঠিকভাবে বলা সম্ভব হয়।
মুক্তিযুদ্ধের সিনেমার মধ্যে হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’ আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। মোস্তাফিজুর রহমান পরিচালিত এই সিনেমাটি আমি ছোটবেলায় দেখেছিলাম এবং তখন থেকেই এর প্রতি এক ধরনের টান অনুভব করি। সিনেমায় আসাদুজ্জামান নূরের অভিনয় এখনও চোখে লেগে আছে। মুক্তিযুদ্ধের ওপর বহু সিনেমাই হয়েছে কিন্তু একেবারে অথেনটিক দৃষ্টিভঙ্গি থেকে, বিষয়টিকে মূল গভীরতা সহকারে তুলে ধরার মতো কাজ খুব বেশি আসেনি। এটা অবশ্যই আমার ব্যক্তিগত মত। চরকিতে সুকর্ণ শাহেদ ধীমানের করা ৩৫ মিনিটের মুক্তিযুদ্ধের কাজটিও আমার দারুণ লেগেছে। ছোট সময়ের মধ্যে অসাধারণ নির্মাণ।
মুক্তিযুদ্ধকে নানাভাবে ম্যানুপুলেট করার চেষ্টা আছে, এটাই সবচেয়ে দুঃখজনক। কেউ কেউ নিজেদের ব্যাখা দিয়ে সময়কালকে ভিন্নভাবে তুলে ধরেন, যা কোনোভাবেই ঠিক নয়। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক মূল্যবান বই আছে; সেগুলো পড়লে বিভ্রান্তি তৈরি হয় না। মনে রাখতে হবে, সিনেমা একটি দলিল হয়ে থাকে এবং সেই দলিল ভুল হলে ভবিষ্যৎ প্রজন্মও ভুল শিখবে।
তরুণরা যদি মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা বানায়, আমি মনে করি– তাদের সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে, বার্ডস আই ভিউ থেকে বিষয়টা দেখা উচিত। এই অঞ্চলের সাধারণ মানুষের মুক্তিযুদ্ধকে ঘিরে যে আবেগ ও ভাবনা– সেটা বোঝা খুব জরুরি। কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা বানানো হলে তা সবসময়ই দুঃখজনক। ইতিহাস ম্যানুপুলেট হওয়া বিপজ্জনক– সবসময়ই।
একজন নির্মাতার কাজ হলো সত্যকে প্রশ্ন করা– ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে সেই ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে পারলেই তিনি সত্যিকারের নির্মাতা। মুক্তিযুদ্ধ নিয়ে বহু সিনেমা হয়েছে, কিন্তু শক্তিশালী কাজ খুব কম। আরও গভীর, আরও সৎ সিনেমা তৈরি হওয়া জরুরি– আমি বিশ্বাস করি, ভবিষ্যতে সেই শক্তিশালী কাজগুলো আসবেই।
লেখক: চলচ্চিত্র পরিচালক
- বিষয় :
- সিনেমা
- মুক্তিযুদ্ধের স্মৃতি
