চিকিৎসক এই শ্বেতার পেছনে লুকিয়ে আছে অন্ধকার অতীত
‘ওসিডি’ সিনেমার দৃশ্যে জয়া আহসান।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ১২:৫২ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ | ১২:৫৫
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকের কাছে জয়া আহসান শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নন, বরং সময়ের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মুখ। ২০২৫ সালজুড়ে তাঁর সিনেমা মুক্তির তালিকা সে কথাই প্রমাণ করে। গত বছরে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’–প্রতিটি ছবিতেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। গেল বছরে মুক্তি পাওয়া প্রতিটি সিনেমায় আলাদা করে নজরে এসেছে জয়ার অভিনয়।
নতুন বছরের শুরুতেই সেই ধারাবাহিকতায় যুক্ত হলো জয়ার আরও একটি চ্যালেঞ্জিং কাজ। আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ওসিডি’। কিছু ক্ষত থাকে, যা সময় সারায় না। শৈশবে পাওয়া সেই আঘাত স্মৃতির গভীরে জমে থাকে–নীরব, অদৃশ্য, কিন্তু ভয়ংকরভাবে সক্রিয়। সমাজ যাকে ভুলে যেতে বলে, সেই যন্ত্রণাই একদিন মানুষের আচরণ, সিদ্ধান্ত আর নিয়তি হয়ে ওঠে। ঠিক এমনই এক কষ্টের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ওসিডি’।
এই ছবিতে জয়া অভিনয় করেছেন শ্বেতা চরিত্রে; যিনি একজন চিকিৎসক; যার চরিত্রটি বাইরে থেকে সংযত, গোছানো এবং পেশাগতভাবে প্রতিষ্ঠিত এক নারী। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়ে আছে এক অন্ধকার অতীত। শৈশবের এক তিক্ত অভিজ্ঞতা শ্বেতাকে কখনও ছেড়ে যায়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা রূপ নিয়েছে এক গভীর মানসিক ব্যাধিতে। সেই অতীত হঠাৎই প্রকাশ্যে চলে আসার পর শ্বেতার জীবনে নেমে আসে ভয়াবহ মোড়। একের পর এক চরম সিদ্ধান্ত তাঁকে ঠেলে দেয় সহিংসতার পথে; যেখানে প্রতিটি হত্যাকাণ্ড আসলে তাঁর ভেতরে জমে থাকা যন্ত্রণার বহিঃপ্রকাশ। সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘ওসিডি’ শুধু একটি সিনেমা নয়, এটি এক ধরনের মুখোমুখি দাঁড় করানো শৈশবের অবহেলিত যন্ত্রণার সঙ্গে, সমাজের নীরবতা, সেই নীরবতা থেকে জন্ম নেওয়া ভয়ংকর পরিণতির গল্প। আমার বিশ্বাস ছবিটি সব শ্রেণির দর্শকদের কাছে ভালো লাগবে।’
ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়া পরিচালক সৌকর্য ঘোষালের ভাষায়, ‘ওসিডি’ একটি সাইকোলজিক্যাল ড্রামা, তবে শুধু থ্রিলার হয়ে ওঠাই এই ছবির লক্ষ্য নয়। এটি আমার কাছে একটি প্রতিবাদও বলা যায়। নির্মাতা আরও জানান, ‘সমাজে এমন অসংখ্য শিশুর মুখ তিনি দেখেছেন, যারা নির্যাতনের শিকার হলেও ভয়, অবিশ্বাস কিংবা পরিবারের নীরবতার কারণে মুখ খুলতে পারেনি। অপরাধীরা তাই সহজেই পার পেয়ে গেছে। সেই শিশুরা সারাজীবন বয়ে বেড়িয়েছে এক অসমাপ্ত আর্তনাদ।’
সৌকর্যের মতে, ‘‘আমাদের সমাজ আজও অপরাধীর বদলে ভুক্তভোগীকেই প্রশ্নবিদ্ধ করে। শিশুর যন্ত্রণাকে ‘পবিত্রতা হারানো’র মতো বিপজ্জনক ধারণার সঙ্গে জুড়ে দেওয়া হয়। ফলে লিঙ্গ সমতা নিয়ে যত কথাই বলা হোক না কেন, শিশু অধিকার ও যৌন নির্যাতনের প্রশ্নে সমাজ এখনও গভীর দ্বিধা আর ভন্ডামির মধ্যেই আটকে আছে।’’
২০২১ সালে ‘ওসিডি’র দৃশ্যধারণ শুরু হয়। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। দীর্ঘদিন মুক্তির অপেক্ষায় থাকার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমার পোস্টার প্রকাশ করেন জয়া আহসান। পোস্টারে তাঁকে দেখা যায় একেবারে ভিন্ন রূপে। নেই কোনো তারকাসুলভ বাহুল্য। চরিত্রের ভেতরের ভারটাই যেন সেখানে মুখ্য। পোস্টার প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।’ এই এক লাইনের মধ্যেই যেন ধরা পড়ে ছবির আবহ।
জয়া আহসানের সঙ্গে সৌকর্য ঘোষালের এটি দ্বিতীয় কাজ। এর আগে এই নির্মাতার ‘ভূতপরী’ ছবিতে কাজ করেছেন জয়া। ‘ওসিডি’-তে সেই শিল্পী-পরিচালক সম্পর্ক আরও গভীরতায় জায়গায় পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জয়া ছাড়াও ‘ওসিডি’ ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
- বিষয় :
- টালিউড
- জয়া আহসান
- নতুন সিনেমা
