তুরস্কে গিয়ে ভক্তদের চাপে নাজেহাল আমির
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৭:০০ | আপডেট: ১১ আগস্ট ২০২০ | ০৭:৫৯
বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিং শেষ করতে এই মুহূর্তে তুরস্কে অবস্থান করছেন আমির খান। তুরস্কের বেশ কিছু জায়গায় ছবিটির শুটিং হবে। কিন্তু সেখানে গিয়ে করোনাকে উপেক্ষা করেই তার সঙ্গে সেলফি তুলতে হিড়িক পড়ে যায় ভক্তদের। এ নিয়ে বেশ বিপাকে পড়েন তিনি।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, তুরস্কে আমির খানের সঙ্গে সেলফি-অটোগ্রাফের জন্য করোনা, সামাজিক দূরত্ব ভুলে গিয়ে তাকে নাজেহাল করে ফেলেন। একপর্যায়ে নাকি তাদের অতি বাড়াবাড়ির কারণে চোট লেগে পড়েই যাচ্ছিলেন।
আর আমিরকে দেখে অনুরাগীদের উন্মাদনার সেই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়।
‘লাল সিং চাড্ডা’ ছবির এই পর্যায়ের শুটিং হওয়ার কথা ছিল লাদাখে। কিন্তু ভারত-চীন সীমান্তে উত্তেজনার কারণে এখানে এখন শুটিং করা সম্ভব নয়। তাই নির্মাতারা লাদাখে শুটিংয়ের পরিকল্পনা বাতিল করেন। আর তারা ছবির অবশিষ্ট অংশের শুটিংয়ের জন্য তুরস্ককে বেছে নেন।
আমির খান ছাড়া এ ছবিতে কারিনা কাপুর খান, মোনা সিং আর দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতি আছেন। ‘লাল সিং চাড্ডা’ ছবিটি পরিচালনা করছেন আদভাইত চন্দন।
আমিরের ছবিটি এ বছর ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ছবিটি পিছিয়ে ২০২১ সালে বড়দিনে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে।
- বিষয় :
- লাল সিং চাড্ডা
- আমির খান
- বিনোদন