বাংলাদেশ শিল্পকলায় বিভাগ বেড়ে হলো ৯টি, যুক্ত হলো নতুন ৩ বিভাগ
শিল্পকলা একাডেমি। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১৩:৪০
বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ (সংশোধন), ২০২৫ অনুমোদন করেছে সরকার। গত ৮ জানুয়ারিপ্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়।
নতুন এই অধ্যাদেশ কার্যকর হওয়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভাগের সংখ্যা ৬টি থেকে বেড়ে ৯টিতে দাঁড়িয়েছে। নতুনভাবে যুক্ত হওয়া বিভাগগুলো একাডেমির কার্যক্রমকে আরও সমন্বিত ও যুগোপযোগী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে শিল্পকলা একাডেমির বিভাগগুলো হলো—
১. প্রশাসন ও অর্থ
২. থিয়েটার
৩. চলচ্চিত্র
৪. আলোকচিত্র
৫. নৃত্য ও পারফর্মিং আর্টস
৬. গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া
৭. সাংস্কৃতিক ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনা
৮. সংগীত
৯. চারুকলা
অধ্যাদেশে একাডেমির পরিষদ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী শিল্পের বিভিন্ন শাখা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, যাতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও অন্তর্ভুক্তিমূলক হয়।
নতুন পরিষদের গঠন অনুযায়ী— সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা/মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব হবেন সহসভাপতি। অর্থ বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একজন করে প্রতিনিধি পরিষদে থাকবেন, যাদের পদমর্যাদা হবে ন্যূনতম যুগ্ম সচিব।
এ ছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের যুগ্ম সচিব, বাংলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদাধিকার বলে পরিষদের সদস্য থাকবেন। সরকার মনোনীত থিয়েটার, চলচ্চিত্র, আলোকচিত্র, নৃত্য ও পারফর্মিং আর্টস, গবেষণা ও প্রকাশনা, সাংস্কৃতিক ব্র্যান্ডিং ও প্রযোজনা, সংগীত এবং চারুকলা—এই আটটি ক্ষেত্র থেকে একজন করে মোট আটজন বিশিষ্ট ব্যক্তি পরিষদের সদস্য হবেন। তবে কোনো প্রশাসনিক বিভাগ থেকে একাধিক ব্যক্তি মনোনয়ন দেওয়া যাবে না।
এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সরকার মনোনীত কোনো জাতীয় দৈনিক পত্রিকার একজন সম্পাদক পরিষদে অন্তর্ভুক্ত থাকবেন। শিল্পকলা একাডেমির মহাপরিচালক পরিষদের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
পরিষদের মনোনীত সদস্যরা তাঁদের মনোনয়নের তারিখ থেকে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তবে তাঁরা যে কোনো সময় সভাপতির কাছে লিখিতভাবে পদত্যাগ করতে পারবেন এবং সরকার প্রয়োজনে যেকোনো সদস্যের মনোনয়ন বাতিল করার ক্ষমতা রাখবে।
সংশোধিত এই অধ্যাদেশের ফলে শিল্পকলা একাডেমির বিভাগীয় কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে চলচ্চিত্র ও আলোকচিত্রের মতো পৃথক বিভাগ যুক্ত হওয়ায় একাডেমির কার্যক্রম আরও সংগঠিত, গতিশীল ও সময়োপযোগী হবে। পাশাপাশি নতুন পরিষদ কাঠামোর মাধ্যমে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া আরও জনবান্ধব ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
- বিষয় :
- শিল্পকলা একাডেমি
