ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রহস্যময়ী সামিয়া অথৈর একমাত্র লক্ষ্য মোতালেবকে ফাঁসানো

রহস্যময়ী সামিয়া অথৈর একমাত্র লক্ষ্য মোতালেবকে ফাঁসানো
×

‘জাদুকর মোতালেব ২’ নাটকের দৃশ্য।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ১৩:৩০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ | ১৩:৪০

মোতালেব জাদুকর। গ্রামে-গঞ্জে জেলা শহরে জাদু দেখিয়ে বেড়ায়। এক গ্রামে চেয়ারম্যানের মেয়ের বিয়েতে জাদু দেখাতে এসেছে সে। চেয়ারম্যানের মেয়ে খুব আগ্রহ নিয়ে জাদুকরের সঙ্গে দেখা করতে যায় তাঁর তাঁবুতে। ঘুমন্ত জাদুকরকে দেখে তাঁর মাথা খারাপ। এত সুন্দর কেউ হতে পারে! পরদিন সকালে গ্রাম ঘুরতে বের হয়ে একটা পুকুরের পাশে একা বসে থাকে মোতালেব। জীবনে পথচলা নিয়ে সে ভাবতে থাকে। হঠাৎ পেছন থেকে তাঁকে এক সুন্দরী মেয়ে ডাকছে। মেয়েটা জানায়, সে চেয়ারম্যানের মেয়ে। এ রকম গল্পে প্রায় তিন বছর আগে দীপ্ত টিভিতে প্রচার হয়েছিল ‘জাদুকর মোতালেব’ নাটকটি। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি। দর্শকপ্রিয় নাটকটির সিকুয়াল হচ্ছে। এটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। চিত্রনাট্য মুনসুর রহমান চঞ্চলের।  

তবে এবার তানিয়া বৃষ্টি নয়, এতে মোশাররফ এর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী ও মডেল সামিয়া অথৈইকে। সম্প্রতি দক্ষিণখানের ‘নোঙর’ শুটিং বাড়িতে এর দৃশ্যধারণ হয়েছে। ‘জাদুকর মোতালেব-২’ তে রহস্যময়ী এ যুবতীর চরিত্রে অভিনয় করেছেন সামিয়া। মোশাররফ করিমকে ফাঁসানোর জন্য সে নানা চেষ্টায় মত্ত থাকে। 

এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটির গল্প খুব ভালো লেগেছে। জাদুর আড়ালে লুকিয়ে থাকা জীবনের টানাপোড়েনের গল্প এটি। এখানে আমি একজন পজিটিভ জাদুকরের চরিত্রে অভিনয় করেছি। সে নিজের কাজের উন্নতি ও সমাজের উন্নতির স্বপ্ন দেখে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে’। 

সামিয়া অথৈ ক্যারিয়ারের প্রথম দিকে বিজ্ঞাপন চিত্রে অভিনয় দিয়ে শোবিজ যাত্রা শুরু করেন। গান ও নাচে পারদর্শী সামিয়া হওয়ায় অল্প সময়ে পরিচিতি পান। নাটকে কাজের পাশাপাশি অভিনয় করেন সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’, রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমায়। ‘জাদুকর মোতালেব’ দিয়ে নতুন বছরে কাজের খাতা খুলেছেন এই অভিনেত্রী। নাটকে অভিনয় প্রসঙ্গে সামিয়া বলেন, ‘কাজটি আমার জন্য বেশি স্পেশাল। এ নাটক দিয়ে নতুন বছর শুরু করেছি। রাকেশ বসু দাদার সঙ্গে কাজ হয়েছে বেশ বিরতির পর। গল্পে নতুনত্ব রয়েছে। চরিত্রটিও পছন্দনীয়। গল্প ও চরিত্র মিলে কাজটি দর্শকের ভালো লাগবে– এ আশা করাই যায়। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আসছে ঈদে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। 

নাটকটিতে মোশাররফ করিমের ছোটবেলার বন্ধু জয়নাল চরিত্রে অভিনয় করেছেন একে আজাদ সেতু। নতুন এ নাটকটি ছাড়াও মোশাররফ করিম ও সামিয়া অথই কচি খন্দকারের পরিচালনায় মাছরাঙা টিভির ধারাবাহিক ‘তেল ছাড়া’ পরোটা নাটকে অভিনয় করছেন। এ ছাড়া ঈদের কাজ নিয়েও ব্যস্ত সময় কাটছে তাদের।   

আরও পড়ুন

×