ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভাষা দিবসের নাটকে মামুনুর রশীদ

ভাষা দিবসের নাটকে মামুনুর রশীদ
×

মামুনুর রশীদ

আনন্দ প্রতিদিন প্রতিবেদক 

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩৬

বেশ বিরতির পর ভাষা দিবসের নাটকে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা মামুনুর রশীদ।  গত শনিবার রাজধানীর উত্তরায় একটি শুটিং বাড়িতে ভাষা দিবস উপলক্ষে নির্মিত নতুন নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুর রশীদ নিজেই।

‘চিঠিওয়ালা’ শিরোনামে এই নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন হারুন রশীদ। আজ ধানমন্ডিতে নাটকটির বাকি অংশের কাজ হওয়ার কথা রয়েছে।

অনিক এক উচ্চাকাঙ্ক্ষী যুবক। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। স্ত্রী শৈলী ও একমাত্র শিশুসন্তানকে নিয়ে তাঁর সংসার। এক ছুটির দিনে তাদের বাড়িতে আসেন অনিকের দূরসম্পর্কের এক চাচা। চাচা হচ্ছেন এমন এক মানুষ, যাঁকে শৈলী বলে, তিনি হচ্ছেন হিস্ট্রি অব বাংলাদেশ। তাঁর বাবা বায়ান্নতে ভাষা আন্দোলন করেছেন। তিনি একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন। কিন্তু তিনি কেন ঢাকা এসেছেন? ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে এক রহস্যময় অধ্যায়ের। 

নাটকে অনিক চরিত্রটি করছে আহসান হাবীব নাসিম। শৈলী চরিত্রে সুষমা সরকার ও রহস্যময় চাচার  চরিত্রে দেখা যাবে মামুনুর রশীদকে। 

দীর্ঘ বিরতির পর টেলিভিশন নাটকে অভিনয় প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে সত্যিই ভালো লাগছে। মাঝে অনেক দিন বিদেশে ছিলাম। সেখানে মঞ্চনাটকে কাজ করলেও টিভি নাটক করা হয়নি। ভাষা দিবসের এই নাটকের গল্প দারুণ, নির্মাণও যত্ন নিয়ে করা হচ্ছে। প্রথম দিনের কাজের অভিজ্ঞতা বেশ ইতিবাচক।’

নির্মাতারা জানিয়েছেন, আগামী একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে নাটকটি প্রচার হবে। উল্লেখ্য, গত বছরের ৩০ এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে যুক্তরাষ্ট্রে যান মামুনুর রশীদ। সেখানে পৌঁছানোর পর তাঁর ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে এবং তাঁকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়। সুস্থ হয়ে ওঠার পর যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই তিনি কয়েকটি মঞ্চনাটকে অংশ নেন। এর মধ্যে টেক্সাসে তাঁর একক অভিনীত নাটক ‘তুম্বা ও প্রতিবেশী’ দর্শক প্রশংসা পায়। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। 

আরও পড়ুন

×