বাঁধন, মম ও তুষিরা যে কারণে নেদারল্যান্ডে
আজমেরি হক বাঁধন,জাকিয়া বারি মম ও নাজিফা তুষি।
সমকাল ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০৯ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:২৫
নেদারল্যান্ডসের রটারড্যামে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । গত ২৯ জানুয়ারি শুরু হওয়া এবারের উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই আসরে একসঙ্গে তিনটি বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা— ‘রইদ’, ‘মাস্টার’ ও ‘দেলুপি’। গুরুত্বপূর্ণ কোনো আন্তর্জাতিক উৎসবে এই প্রথম একসঙ্গে নির্বাচিত হলো দেশের তিন সিনেমা।

উৎসবের মূল আকর্ষণ টাইগার কম্পিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি। প্রিমিয়ার উপলক্ষে পুরো টিম এখন রটারড্যামে অবস্থান করছে। উৎসবে আজ সিনেমাটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
রটারড্যাম থেকে শেয়ার করা এক পোস্টে তুষি লিখেছেন, হিম হয়ে যাওয়া শীতল শহরে, রইদ উঠেছে রটারডামে…।
অন্যদিকে উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়ছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। সিনেমাটির টিমের সঙ্গে রটারড্যামে পৌঁছেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

উৎসব চলাকালে প্রতিদিনই নিজের অভিজ্ঞতা ও মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে দেখা গেছে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতসহ অভিনয়শিল্পী নাসিরউদ্দিন খান ও জাকিয়া বারী মমকে।

এদিকে উৎসবের ব্রাইট ফিউচার বিভাগে জায়গা পেয়েছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত সিনেমা ‘দেলুপি’। নতুন ধারার সিনেমাকে তুলে ধরার এই বিভাগে ‘দেলুপি’র নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের সম্ভাবনাকে নতুন করে সামনে আনছে।

একই উৎসবে তিনটি বাংলাদেশি সিনেমার উপস্থিতি দেশের চলচ্চিত্রশিল্পের জন্য নিঃসন্দেহে গর্বের। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গল্প, নির্মাতা ও অভিনয়শিল্পীদের এই দৃশ্যমানতা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
- বিষয় :
- আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
