বার্লিন চলচ্চিত্র উৎসবে যারা জিতলেন ‘স্বর্ণভালুক’
উৎসবে পুরস্কার হাতে ইলকার চাতাক ও ‘ইয়েলো লেটারস’ টিম
সমকাল ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:৪৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:৫০
রাজনৈতিক বিতর্ক, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিল্পের শক্তিশালী ভাষা—সব মিলিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরে সর্বোচ্চ সম্মান ‘স্বর্ণভালুক’ (গোল্ডেন বিয়ার) জিতে নিয়েছে জার্মান-তুর্কি নির্মাতা ইলকার চাতাক-এর ছবি ইয়েলো লেটার্স। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন জুরি বোর্ডের সভাপতি, বিশ্বখ্যাত নির্মাতা ভিম ভেন্ডার্স।
সমসাময়িক তুরস্কে রাজনৈতিক নিপীড়নের মুখে এক নাট্যকার দম্পতির অস্তিত্ব রক্ষার লড়াই—এই প্রেক্ষাপটে নির্মিত ছবিটি তার অনন্য নির্মাণশৈলীর জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। জার্মানিতে শুটিং করেও টাইটেল কার্ডে তুরস্কের শহরের নাম ব্যবহার করার অভিনব কৌশল ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। ২২ বছর পর কোনো জার্মান-তুর্কি নির্মাতার হাতে স্বর্ণভালুক ওঠায় এটি চাতাকের জন্য যেমন বড় প্রাপ্তি, তেমনি একটি প্রতীকী মুহূর্তও।
পুরস্কার প্রদানকালে ভিম ভেন্ডার্স বলেন, ছবিটি সর্বাধিনায়কতন্ত্রের বিপরীতে সহমর্মিতা ও মানবিকতার এক শক্তিশালী সিনেমাটিক ভাষা তৈরি করেছে।
উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ’ জিতেছে তুর্কি নির্মাতা এমিন এললার-এর ছবি স্যালভেশন। তুরস্কের কুর্দি অঞ্চলের একটি বাস্তব ঘটনাকে ভিত্তি করে নির্মিত এই ছবিতে জাতিগত সংঘাতের পাশাপাশি রূপকভাবে উঠে এসেছে ফিলিস্তিন প্রসঙ্গও। পুরস্কার গ্রহণের সময় এমিন এললার গাজার ফিলিস্তিনিদের উদ্দেশে বলেন, “আপনারা একা নন”—এ কথায় পুরো মিলনায়তন করতালিতে মুখর হয়ে ওঠে।
তৃতীয় সর্বোচ্চ জুরি পুরস্কার গেছে মার্কিন নির্মাতা ল্যান্স হ্যামার-এর পারিবারিক নাটক কুইন অ্যাট সি-এর ঝুলিতে।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও ছিল চমক। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন ব্রিটিশ নির্মাতা গ্রান্ট গি। আর জেন্ডার-নিরপেক্ষ সেরা প্রধান অভিনয়ের সিলভার বিয়ার জিতেছেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার। রোজ ছবিতে এক নারীর পুরুষ সেজে বেঁচে থাকার জটিল ও মনস্তাত্ত্বিক চরিত্র অনবদ্যভাবে ফুটিয়ে তোলায় তিনি এই স্বীকৃতি অর্জন করেন।
তবে এবারের বার্লিনাল শুধু চলচ্চিত্রেই সীমাবদ্ধ থাকেনি। গাজা যুদ্ধ নিয়ে জার্মান সরকারের অবস্থান ও উৎসব কর্তৃপক্ষের ভূমিকা ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। সমাপনী বক্তব্যে উৎসব পরিচালক ট্রিসিলা টাটল বলেন, সমালোচনা, বিতর্ক ও আবেগের প্রকাশ—এসবই গণতন্ত্র ও সিনেমার সৌন্দর্যের অংশ। আর সেই বহুমাত্রিক সংলাপ তুলে ধরতেই এবারের বার্লিন উৎসব সফল হয়েছে।
- বিষয় :
- আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
