সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা
‘ধুরন্ধর’ সিনেমার প্রধান অভিনেতা রণবীর সিং। ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ১৬:৩১ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ | ১৬:৫৫
বলিউডে একের পর এক ইতিহাস গড়ে চলেছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির ১৬ দিনে বিশ্বজুড়ে ১৫০০ কোটি রুপির ব্যবসা করে সিনেমাটি এখন কার্যত বক্স অফিসের শীর্ষে। এই সাফল্যের মাঝেই হঠাৎ করে সামনে এলো বড়সড় বিতর্ক। পরিচালক সন্তোষ কুমার বিস্ফোরক অভিযোগ তুলেছেন, তার সিনেমার চিত্রনাট্য চুরি করেই নাকি ‘ধুরন্ধর’ বানিয়েছেন আদিত্য ধর।
তবে এই অভিযোগের পালটা জবাব দিতেও পিছপা হননি ‘ধুরন্ধর’ পরিচালক। আইনি পথেই অভিযোগের জবাব দিচ্ছেন আদিত্য ধর।
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সন্তোষ কুমার দাবি করেন, তিনি আদিত্য ধরের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারেননি। পরে প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস-এর সঙ্গে কথা বললেও তারা জানায়, এই বিষয়ে ‘বি৬২ স্টুডিওস’-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। সন্তোষের অভিযোগ, এরপর থেকেই প্রযোজকদের তরফে তাকে নানাভাবে হেনস্তা করা হচ্ছে।
পরিচালকের দাবি, তার ‘ডি-সাহেব’ ছবির চিত্রনাট্য থেকেই নাকি ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির গল্প নেওয়া হয়েছে। তার কথায়, ‘গল্পে এক তরুণের পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা রয়েছে, এবং সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার লড়াই নিয়েই সিনেমার মূল কাহিনী।
এখানেই থামেননি তিনি। তার অভিযোগ, তাকে বারবার প্রশ্ন করা হচ্ছে কেন তিনি প্রকাশ্যে এই বিষয়টি তুলছেন এবং কেন ভিত্তিহীন অভিযোগ করছেন। সন্তোষ জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন এবং এখন যা বলার আদালতেই বলা হবে।
অন্যদিকে, ‘ধুরন্ধর’ যে সম্পূর্ণভাবে আদিত্য ধরের মৌলিক গল্প, সে দাবিও জোরালো হয়েছে। জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেই স্ক্রিন রাইটার অ্যাসোসিয়েশনের কাছে এই ছবির চিত্রনাট্য রেজিস্টার করেছিলেন আদিত্য ধর। অথচ সন্তোষ কুমার নিজেই জানিয়েছেন, তার ‘ডি-সাহেব’ চিত্রনাট্যটি রেজিস্টার করা হয় ২০২৩ সালের নভেম্বর মাসে।
এই অভিযোগ সামনে আসার পরই আইনি পথে হাটেন আদিত্য ধর। ইতিমধ্যেই সন্তোষ কুমারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মিথ্যা অভিযোগের জেরেই এই পদক্ষেপ নিয়েছেন পরিচালক। সূত্র: দ্য ওয়াল
