ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১৫০ রুপি থেকে শুরু করে পঞ্চম ধনী গায়িকা, কত সম্পত্তি রেখে গেলেন আশা

১৫০ রুপি থেকে শুরু করে পঞ্চম ধনী গায়িকা, কত সম্পত্তি রেখে গেলেন আশা
×

আশা ভোঁসলে। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৫:০২ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ | ১৬:৩৫

ভারতীয় সঙ্গীত জগতের এমন কিছু কণ্ঠ আছে, যেগুলো সময়ের গণ্ডি পেরিয়েও আজও সমান উজ্জ্বল- তেমনই একটি নাম আশা ভোঁসলে। রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী।

সঙ্গীতের ‘গোল্ডেন এরা’-তে দীর্ঘ সময় ধরে আধিপত্য ছিল কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর। সেই সময় অনেক ক্ষেত্রেই আশা ভোঁসলের কেরিয়ার তুলনামূলকভাবে আলাদা পথে এগিয়েছে বলে সংগীত মহলে আলোচনা রয়েছে। ১৯৫০ ও ৬০-এর দশকে তিনি অনেক গান গাইলেও দু'জনের পারিশ্রমিকের ক্ষেত্রে বড় ব্যবধান ছিল বলে দাবি করা হয়।

সেই সময় লতা মঙ্গেশকর যেখানে একটি গানের জন্য প্রায় ৫০০ রুপি পেতেন, সেখানে আশা ভোঁসলে প্রায় ১০০ থেকে ১৫০ রুপি মধ্যে পারিশ্রমিক পেতেন বলে ইন্ডাস্ট্রির বিভিন্ন সূত্রে জানা যায়।

শুরুর দিকে তাকে অনেক সময় ‘এক্সপেরিমেন্টাল গান’ বা নাচের গান দেওয়া হতো। তবে এই সুযোগগুলোই পরে তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। ধীরে ধীরে তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করেন এবং প্রমাণ করেন যে তিনি শুধুমাত্র একটি নির্দিষ্ট ধরনের গানেই সীমাবদ্ধ নন। পরবর্তীতে তার কণ্ঠে ‘রোমান্টিক’, ‘গজল’ থেকে শুরু করে ক্লাসিক্যাল গান- সবই সমান জনপ্রিয়তা পায়।

২০২৬ সালে আশা ভোঁসলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি রুপি বলে অনুমান করা হয়। এই সম্পদের মাধ্যমে তিনি ভারতের অন্যতম ধনী মহিলা গায়িকার তালিকায় জায়গা করে নিয়েছেন। পাশাপাশি তিনি অনেক সমসাময়িক গায়িকার সমান সম্পত্তির মালিক বলেও উল্লেখ করা রয়েছে।

তবে, কিছু প্রতিবেদন দাবি করা হয়েছে, তার মোট সম্পদের পরিমাণ ২০০ থেকে ২৫০ কোটি রুপির মধ্যে হতে পারে।

তার আয়ের বড় একটি অংশ আসে ব্যবসা থেকে। বিশেষ করে তার রেস্তোরাঁ চেইন, যার শাখা দুবাই, আবুধাবি, বাহরাইন, কুয়েত এবং ব্রিটেনে ছড়িয়ে আছে তার আয়ের গুরুত্বপূর্ণ উৎস। এই ব্র্যান্ডটি প্রিমিয়াম ভারতীয় খাবারের জন্য পরিচিত।

স্থাবর সম্পত্তির দিক থেকেও তার অবস্থান বেশ শক্ত। মুম্বাইয়ের পেডার রোডে অবস্থিত ‘প্রভুকুঞ্জ’ অ্যাপার্টমেন্টের বাজারমূল্য কয়েক কোটি। এছাড়া মুম্বাই ও পুনেতে তাঁর আরও কিছু সম্পত্তি রয়েছে।

তবে আর্থিক সাফল্যের থেকেও বড় বিষয় হল গানের জগতে তার অবদান। তিনি বিভিন্ন ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন। তার কণ্ঠ আজও ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সূত্র: দ্য ওয়াল ও দ্য ইকোনোমিক টাইমস

আরও পড়ুন

×