নাচ-গান-অভিনয়সহ পহেলা বৈশাখে টিভিতে যত আয়োজন
ছবি-সংগৃহীত
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ১৩:৪৩
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। পুরোনো বছরের সব গ্লানি, ব্যর্থতা ও হতাশা ভুলে সূর্যোদয়ের সঙ্গে নতুন আশার বার্তা নিয়ে আসে পহেলা বৈশাখ। হালখাতা, বৈশাখী মেলা, রঙিন সাজ আর সাংস্কৃতিক আয়োজনে এদিন যেন বাঙালিয়ানার এক মিলনমেলা। এই উৎসবের আনন্দকে ঘরে ঘরে পৌঁছে দিতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-সহ বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল।
পহেলা বৈশাখ উপলক্ষে বিটিভি সাজিয়েছে দিনব্যাপী বর্ণিল আয়োজন। সকাল ৯টা ৫০ মিনিটে একটি বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান দিয়ে শুরু হবে সম্প্রচার। এরপর সকাল সাড়ে ১০টায় প্রচারিত হবে রবীন্দ্রসংগীতভিত্তিক অনুষ্ঠান ‘মুছে যাক গ্লানি’। বেলা ১টায় থাকছে কবিতা পাঠ, আর বিকেল ৫টায় শিশুদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ে সাজানো বিশেষ অনুষ্ঠান। বিকেল ৫টা ৪০ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘বৈশাখ দেয় ডাক’ শিরোনামে স্বরচিত কবিতা পাঠ এবং রাত ৯টায় ‘মন আঁকে বৈশাখে’ অনুষ্ঠানটি প্রচারিত হবে। রাত সাড়ে ৯টায় বিশেষ টেলিফিল্ম ‘মনের মানুষ’ এবং সাড়ে ১০টায় আলেখ্যানুষ্ঠান থাকছে। দিন শেষে রাত ১১টা ১৫ মিনিটে নৃত্যানুষ্ঠানে ফুটে উঠবে বৈশাখের উচ্ছ্বাস।
স্টুডিওর বাইরে থেকেও সরাসরি সম্প্রচার করবে বিটিভি। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন এবং টাঙ্গাইল থেকে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এনটিভি সাজিয়েছে দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা ‘এনটিভি বৈশাখী উৎসব ১৪৩৩’। সকাল থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরা হবে বাংলা সংস্কৃতির নানা অনুষঙ্গ।
দিনের সূচনা হবে সকাল ৮টায় পঞ্চকবির গান ও আবৃত্তি দিয়ে। এ পর্বে উপস্থাপনায় থাকবেন নাহিদা আফরোজ সুমী। সংগীত পরিবেশন করবেন আজিজুর রহমান তুহিন, শিমু দে, বিজন মিস্ত্রি ও ফারহানা তৃণা। সকাল ১০টা ১৫ মিনিটে আবারও শুরু হবে বৈশাখী উৎসবের সরাসরি সম্প্রচার।
এ পর্বে লোকগান ও ব্যান্ড সংগীত পরিবেশনার মাধ্যমে মঞ্চ মাতাবেন আকাশ মাহমুদ ও মহুয়া মুনা। দুপুর ১২টায় মধ্যাহ্নের খবরের পর ১২টা ২০ মিনিটে শুরু হবে আধুনিক ও মডার্ন ফোক গানের আসর। পর্বটি উপস্থাপনা করবেন আইশা খান। এতে সংগীত পরিবেশন করবেন কিশোর, প্রিয়াঙ্কা বিশ্বাস ও অপু আমান। বেলা ২টায় দুপুরের সংবাদ শেষে ২টা ৩০ মিনিটে আবারও সম্প্রচারিত হবে একই ধারার সংগীতানুষ্ঠান। এ পর্বে গান পরিবেশন করবেন নোলক বাবু, লায়লা ও সানজিদা রিমি। মাছরাঙা টেলিভিশনে থাকছে ‘রুচি বৈশাখী উৎসব ১৪৩৩’। পাবনার এডওয়ার্ড কলেজ মাঠ থেকে সকাল ৯টায় সরাসরি সম্প্রচারিত হবে এ অনুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পীরা, সঙ্গে থাকবে নৃত্য পরিবেশনা।
দীপ্ত টিভি ও দীপ্ত প্লেতেও রয়েছে বৈচিত্র্যময় আয়োজন। ‘নতুনের কেতন ওড়ে’ শীর্ষক বিশেষ টকশোতে অংশ নেবেন বিভিন্ন অঙ্গনের অতিথিরা। পাশাপাশি রমনা বটমূল থেকে বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং দুটি জনপ্রিয় বাংলা সিনেমা প্রচার করা হবে।
দুরন্ত টিভিও শিশু-কিশোরদের জন্য রেখেছে বিশেষ আয়োজন। ‘বৈশাখ এলো রে’ অনুষ্ঠানটি নাচ-গান ও কবিতার সমন্বয়ে নির্মিত। এ ছাড়া ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’ নাটক এবং ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’ অনুষ্ঠানেও থাকবে বৈশাখের আমেজ। দিনজুড়ে আরও থাকছে গান ও নৃত্যানুষ্ঠান।
সব মিলিয়ে টেলিভিশনের পর্দাজুড়ে বৈশাখের রং ছড়িয়ে দিতে প্রস্তুত দেশের বিভিন্ন চ্যানেল। ঘরে বসেই দর্শক উপভোগ করতে পারবেন বাঙালির এই প্রাণের উৎসবের আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির বহুমাত্রিক উপস্থাপনা। এমনটিই জানিয়েছে টিভি চ্যানেল কর্তৃপক্ষ।
- বিষয় :
- টেলিভিশন
- পহেলা বৈশাখ
