গান নিয়ে বিদেশের মঞ্চে ছুটছেন শিল্পীরা
কোলাজ: সমকাল
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ১৩:২৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ | ১৩:২৯
প্রবাসী বাঙালিদের আহ্বানে সাড়া দিতে আবারও তারকারা ছুটছেন বিদেশ বিভূঁইয়ে। বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাঙালির সংগীততৃষ্ণা মেটাতে তাদের এই ছুটে যাওয়া। এমনিতেও বছরের বিভিন্ন প্রান্তে তারকাশিল্পী ও ব্যান্ডগুলোকে কনসার্টের উদ্দেশ্যে বিদেশ সফর করতে দেখা যায়। সবচেয়ে বেশি ব্যস্ততা চোখে পড়ে গ্রীষ্ম ও বর্ষাকালে।
এ সময়কে বিদেশ সফরের মৌসুম হিসেবে ধরা হয়। এবার একটু আগেভাগেই বিদেশ সফরের ব্যস্ততা দেখা যাচ্ছে শিল্পী ও ব্যান্ডগুলোর মাঝে। মূলত বাংলা নববর্ষকে ঘিরে বেশ কিছু আয়োজনে অংশ নিতে দেখা যাচ্ছে তাদের। এরই মধ্যে ঢাকা ব্যান্ডের তারকা কণ্ঠশিল্পী মাকসুদুল হক কানাডার প্রদেশ অ্যালবার্টার একটি শহর ক্যালগারিতে ‘বৈশাখী মেলা’ কনসার্টে অংশ নিতে দেখা গেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে পহেলা বৈশাখ নিয়ে আয়োজিত কনসার্টে পারফর্ম করেছেন নন্দিত কণ্ঠশিল্পী তপন চৌধুরী, সুজন আরিফসহ আরও কয়েকজন শিল্পী ও স্থানীয় ব্যান্ড। একইভাবে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাংলা নববর্ষ সাংস্কৃতিক উৎসব ও মেলা’-এর কনসার্টে অংশ নেওয়ার মধ্য দিয়ে শুরু ব্যান্ড শিরোনামহীন শুরু করেছেন ওশেনিয়া অঞ্চলে ধারাবাহিক কনসার্ট; যার সুবাদে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনি সফর শেষে শিরোনামহীন সদস্যরা ছুটতে হবে ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, পশ্চিম অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে। অস্ট্রেলিয়ার একাধিক অঙ্গরাজ্যে পারফর্ম করার উদ্দেশ্যেই তাদের সফরসূচি।
এদিকে সময়ের আলোচিত শিল্পী তাসনিম আনিকা এবার ছুট দিয়েছেন জাপানে। সেখানে বেশ কিছু আয়োজনে পারফর্ম করবেন তিনি। তারকাশিল্পী এলিটা করিম ও জেফারের কাছ থেকে এসেছে যুক্তরাষ্ট্রে সংগীত সফরের ঘোষণা। এ ছাড়াও আরও বেশ কিছু ব্যান্ড ও কণ্ঠশিল্পী প্রকাশ করেছেন বিভিন্ন দেশের কনসার্ট সফরসূচি। দেশের প্রথম সারির ব্যান্ড আর্ক সদস্যরা জানিয়েছেন, চার মাসের দীর্ঘ সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারা। সেখানে ১৫ জুন থেকে শুরু হবে তাদের কনসার্ট পর্ব।
এরপর ৪ ও ১৮ জুলাই, ১ ও ২২ আগস্ট এবং ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বিভিন্ন শহরে আয়োজিত ধারাবাহিক কনসার্টে অংশ নেবেন তারা। আর্ক ব্যান্ডের তারকা কণ্ঠশিল্পী হাসানের কথায়, দেশীয় শিল্পী ও মিউজিশিয়ানদের পেশাদারিত্ব টিকে মূলত স্টেজ শোর মাধ্যমে। নিয়মিত গান বা অ্যালবাম প্রকাশ করে কিছু শিল্পী ও মিউজিশিয়ান হয়তো জীবিকা নির্বাহ করছেন, তারপরও স্টেজ শো ছাড়া গানের ভুবনে টিকে থাকা সত্যি কঠিন। এক্ষেত্রে বিদেশ সফর অনেকটা পেশাদারিত্ব টিকিয়ে রাখার রসদ জোগায়। হাসানের এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন গানের ভুবনের অনেকে।
দেশের প্রথম সারির ব্যান্ড সোলসের কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া জানান, দেশের বাইরের কনসার্টগুলো একদিকে যেমন শিল্পী ও মিউজিশিয়ানদের আর্থিক সংকট মোচনে খানিকটা সুবিধা এনে দেয়, তেমনি প্রবাসী দর্শক-শ্রোতার সঙ্গে নতুন এক বন্ধন গড়ে দেয়। যারা দীর্ঘ সময় বাংলা গানের জন্য তৃষিত হয়ে থাকেন, তাদের আহ্বানে সাড়া দিতে বিদেশ সফরে যাওয়া এক ধরনের দায়বদ্ধতা থাকে।
দেশের শীর্ষ দুই ব্যান্ড তারকার কথার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকে। তাদের একজন ডি’রকস্টার তারকা শুভ। তিনি নিজেও প্রবাসী বাঙালিদের ডাকে সাড়া দিতে ব্যান্ড শুভযাত্রার সদস্যদের নিয়ে তিন মাসের সফরে কানাডা যাচ্ছেন। সেখানে বেশ কয়েকটি কনসার্টে অংশ নেবেন অগণিত শ্রোতার প্রিয় এই শিল্পী। এর বাইরেও আরও একাধিক ব্যান্ড ও তারকাশিল্পী কনসার্টের উদ্দেশ্যে উড়াল দেবেন বিভিন্ন দেশে।
এ বিদেশ সফর নিয়ে শিল্পী, মিউজিশিয়ান ও বিভিন্ন ব্যান্ডের সদস্যদের ভাষ্য, বিভিন্ন দেশের আয়োজিত কনসার্টগুলো শিল্পী ও মিউজিশিয়ানদের পেশাদারিত্ব টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখছে। পাশাপাশি সেইসব প্রবাসীর তৃষ্ণা মেটাচ্ছে, যারা বাংলা গান শুনতে দিনের পর দিন প্রহর গুনে যান। তাই গানের টানে শিল্পীদের ছুটতে হচ্ছে দেশে দেশে। তবে বিদেশ সফরের জন্য বেশির ভাগ শিল্পী বেছে নিচ্ছেন সেই সময়টা যখন দেশে কনসার্টের ব্যস্ততা অনেকটা কম থাকে।
- বিষয় :
- গান
- কনসার্ট
- সংগীতশিল্পী
- সংগীত
